গণনায় এগিয়ে বিজেপি, মমতা বললেন ‘ওয়েট অ্যান্ড সি’

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলমান অবস্থায় প্রাথমিক ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। মোট ২৯৪টি আসনের মধ্যে সর্বশেষ তথ্য অনুযায়ী ১৯২টি আসনে এগিয়ে আছে বিজেপি। অপরদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ৯৪টি আসনে এগিয়ে রয়েছে।
বিজ্ঞাপন
এমন পরিস্থিতিতে ভিডিও বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, ভোট গণনায় অনিয়ম হচ্ছে এবং নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে বলে তার আশঙ্কা। তার দাবি, কিছু আসনের ফল ইচ্ছাকৃতভাবে ধীরে প্রকাশ করা হচ্ছে এবং এতে বিজেপিকে এগিয়ে দেখানোর চেষ্টা চলছে।
মমতা বলেন, “দয়া করে কোনও (তৃণমূল) প্রার্থী এবং কাউন্টিং এজেন্ট গণনাকেন্দ্র ছেড়ে আসবেন না। এটা বিজেপির প্ল্যান। আমি গতকাল থেকে বলছি, ওদেরগুলো (এগিয়ে থাকা আসন) আগে দেখাবে। আমাদেরগুলো পরে দেখাবে। অনেক জায়গায় গণনা বন্ধ করে রেখে দিয়েছে। কল্যাণীতে এমন সাতটি মেশিন ধরা পড়েছে, যেখানে কোনও মিলই নেই।”
বিজ্ঞাপন
মমতা আরও বলেন, “কেন্দ্র জোর করে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে তৃণমূলের উপর অত্যাচার করছে। অফিস ভাঙছে। জোর করে দখল করছে। এসআইআরের নামে ভোট লুট করেছে।”
দলীয় নেতাকর্মীদের ধৈর্য্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, “মনখারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম, সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। তিন-চার রাউন্ড মাত্র গণনা হলো। ১৮ থেকে ১৯ রাউন্ড কাউন্ট হয়। তখন আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড সি, ওয়াচ (দেখুন এবং অপেক্ষা করুন)। আপনারা সকলে জিতবেন। আমরা আপনাদের সঙ্গে রয়েছি।”
বিজ্ঞাপন
“নিশ্চিন্তে থাকুন। আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব।”— যোগ করেন মমতা।
সূত্র: আনন্দবাজার








