ফের উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে মিসাইল ছুড়ল ইরান

হরমুজ প্রণালিতে প্রবেশের চেষ্টা ঘিরে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। সতর্কতা উপেক্ষা করে প্রবেশের চেষ্টা করায় যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে মিসাইল ছোড়ার দাবি করেছে ইরান। সোমবার (৪ মে) এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
বিজ্ঞাপন
ইরানের বার্তাসংস্থা ফার্স নিউজের খবরে বলা হয়েছে, সংশ্লিষ্ট যুদ্ধজাহাজটি ইরানের জাস্ক দ্বীপের কাছাকাছি অবস্থান করছিল। ওই সময় জাহাজটির দিকে মিসাইল নিক্ষেপ করা হয়। হামলার পর জাহাজটি তার নির্ধারিত পথ পরিবর্তন করে সরে যায় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে যুদ্ধজাহাজে ইরানিদের হামলার দাবি অস্বীকার করেছেন এক মার্কিন কর্মকর্তা। তিনি সংবাদমাধ্যম এক্সিওসকে বলেছেন, তাদের কোনো জাহাজে হামলার ঘটনা ঘটেনি।
বিজ্ঞাপন
এদিকে ইরান এ হামলা চালানোর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, হরমুজ প্রণালিতে যেসব জাহাজ আটকে আছে সেগুলোকে নিরাপত্তা দিয়ে বের করে নিয়ে আসবেন তারা।
এরপরই ইরান যুক্তরাষ্ট্রকে সতর্কতা দিয়ে জানায়, যদি হরমুজে কোনো জাহাজ প্রবেশ করে তাহলে সেটিতে হামলা চালানো হবে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, টানা ৪০ দিনের সংঘাতের পর গত ৮ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে শুরু থেকেই তা নাজুক অবস্থায় ছিল। যুদ্ধবিরতির পরদিনই যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করে এবং আরব সাগর থেকে তাদের কয়েকটি তেলবাহী ট্যাংকার জব্দ করে।
যুদ্ধ বিরতির পর গত ১২ এপ্রিল দুই দেশ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় বসেছিল। কিন্তু তারা সেখান থেকে কোনো সমাধানে পৌঁছাতে পারেনি।
সূত্র: ফার্স নিউজ
বিজ্ঞাপন








