Logo

চীনের আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ২১

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৫ মে, ২০২৬, ১১:২৪
চীনের আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ২১
ছবি: সংগৃহীত

চীনের একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মধ্যাঞ্চলের একটি কারখানায় এই বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৬১ জন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৫ মে) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য প্রকাশ করে।

সিনহুয়া ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির খবরে বলা হয়েছে, সোমবার স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে হুনান প্রদেশের রাজধানী চাংশা শহরে বিস্ফোরণটি ঘটে। অঞ্চলটি আতশবাজি উৎপাদনের জন্য সুপরিচিত। ‘হুয়াশেং ফায়ারওয়ার্কস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ডিসপ্লে কোম্পানি’ নামের একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কারখানার বিশাল এলাকা জুড়ে ঘন ধোঁয়া উড়তে দেখা গেছে। বিস্ফোরণে ভবনগুলো ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপ ছড়িয়ে আছে। তবে রয়টার্স এসব ফুটেজ স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি। সাউথ চায়না মর্নিং পোস্টের তথ্য অনুযায়ী, প্রায় ৫০০ দমকলকর্মী, উদ্ধারকারী এবং চিকিৎসা কর্মী দুর্ঘটনাস্থলে কাজ করেছেন।

বিস্ফোরণের কারণ উদঘাটন এবং এই ঘটনার জন্য কঠোর জবাবদিহিতা নিশ্চিত করতে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে তিনি স্থানীয় কর্মকর্তাদের প্রধান শিল্পগুলোতে ঝুঁকি ও বিপদ নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছেন, যাতে জনগণের জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করা যায়।

বিজ্ঞাপন

অবজারভেটরি অব ইকোনমিক কমপ্লেক্সিটির তথ্য অনুযায়ী, গত বছর চীন ১ দশমিক ১৪ বিলিয়ন ডলারের আতশবাজি রফতানি করেছে, যা বৈশ্বিক বাজারের দুই-তৃতীয়াংশেরও বেশি।

প্রসঙ্গত, বড় ধরনের দুর্ঘটনা বা প্রাণহানির ঘটনায় শি জিনপিং সাধারণত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিক নির্দেশনা দিয়ে থাকেন। গত সপ্তাহেও তিনি দেশের দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া গত নভেম্বরে হংকংয়ের ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে ১৬৮ জন নিহত হওয়ার পরও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন তিনি।

সূত্র: এনডিটিভি

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD