Logo

তেল স্থাপনায় হামলার পর ইরানকে কঠোর হুঁশিয়ারি দিল আমিরাত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৫ মে, ২০২৬, ১১:৪৮
তেল স্থাপনায় হামলার পর ইরানকে কঠোর হুঁশিয়ারি দিল আমিরাত
ছবি: সংগৃহীত

তেল স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর ইরানকে কড়া সতর্কবার্তা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। সোমবার সংঘটিত এই হামলাকে ‘বিশ্বাসঘাতকতাপূর্ণ’ ও ‘সন্ত্রাসী’ হিসেবে বর্ণনা করে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হলে যথাযথ জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে দেশটি।

বিজ্ঞাপন

এদিন আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় কোনো ধরনের দ্বিধা করবে না সংযুক্ত আরব আমিরাত। আন্তর্জাতিক আইন মেনে এমন হামলার জবাব দেওয়ার পূর্ণ অধিকার ও সক্ষমতা দেশটির রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মধ্যেই সোমবার মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা এমিরেতে অবস্থিত ফুজেইরা অয়েল ইন্ডাস্ট্রি জোনে ড্রোন হামলা চালিয়েছে ইরান। ফুজেইরা অয়েল ইন্ডাস্ট্রি জোনে তেল শোধনাগার এবং একাধিক ডিপো রয়েছে। শোধনাগারটি আমিরাতের পূর্বাঞ্চলের প্রধান জ্বালানি স্থাপনা।

বিজ্ঞাপন

গতকাল সোমবার এক বিবৃতিতে ফুজাইরা এমিরেতের জনসংযোগ বিভাগ জানিয়েছে, ইরানের ড্রোন হামলা অয়েল ইন্ডাস্ট্রি জোনে বড় আগুনের সূত্রপাত হয়েছিল। সেই আগুনে ৩ জন আহত হয়েছেন এবং তারা সবাই ভারতীয় নাগরিক। আহতদের ক্ষত মাঝারি এবং তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

প্রতিষ্ঠানের কর্মী এবং বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর কর্মীদের তৎপরতায় অবশ্য অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে ফুজাইরা এমিরেতের জনসংযোগ বিভাগ।

বিজ্ঞাপন

এদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, একই দিনে ইরান থেকে আমিরাতকে লক্ষ্য করে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। এর মধ্যে তিনটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করতে সক্ষম হয়। তবে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা যায়নি, সেটি সাগরে গিয়ে পড়ে।

ক্ষেপণাস্ত্র হামলার পরপরই তেল স্থাপনাগুলোকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরিস্থিতি ঘিরে অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

সূত্র : আনাদোলু এজেন্সি, বিবিসি

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD