পশ্চিমবঙ্গে নির্বাচনের ফল ঘোষণার পর সহিংসতায় নিহত ৪

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর শুরু হওয়া সহিংসতায় এখন পর্যন্ত অন্তত চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিভিন্ন জেলায় সংঘর্ষের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও গুলিবিদ্ধ হয়েছেন।
বিজ্ঞাপন
ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (৫ মে) রাতে তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে বীরভূমের নানুরে তৃণমূল কর্মী আবির শেখ (৪৫) নিহত হন। পরিবারের দাবি, বাড়ি থেকে বের হওয়ার পর পথে হামলার শিকার হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হাওড়ার উদয়নরায়ণপুরে বিজেপির সমর্থক যাদব বর (৪৮) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পরিবারের ভাষ্য, সোমবার রাতের দিকে বাড়ি ফেরার পথে একদল লোক তাকে ঘিরে ধরে মারধর করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
কলকাতার নিউ টাউন এলাকাতেও এক বিজেপি কর্মীর মৃত্যুর অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, বিজয় মিছিলে হামলার সময় মাথায় আঘাত পেয়ে হাসপাতালে নেওয়ার পর মারা যান মধু মণ্ডল।
এদিকে উত্তর ২৪ পরগনার ন্যাজাট এলাকায় উত্তেজনার মধ্যে টহলরত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে তিন পুলিশ সদস্য ও দুই কেন্দ্রীয় বাহিনীর সদস্য আহত হন। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
এসব ঘটনায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।








