Logo

বিজেপির জয়ে অমীমাংসিত তিস্তা চুক্তির নতুন আশা দেখছে বিএনপি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৬ মে, ২০২৬, ১৮:৪৩
বিজেপির জয়ে অমীমাংসিত তিস্তা চুক্তির নতুন আশা দেখছে বিএনপি
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয়ের পর বাংলাদেশ-ভারতের অমীমাংসিত তিস্তা পানি বণ্টন চুক্তি নিয়ে নতুন আশার কথা বলছে বাংলাদেশের বর্তমান সরকারি দল বিএনপি। দলটি বিজেপিকে অভিনন্দন জানিয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বের প্রশংসাও করেছে। তাদের মতে, এই রাজনৈতিক পরিবর্তন দীর্ঘদিন আটকে থাকা তিস্তা চুক্তি বাস্তবায়নে গতি আনতে পারে।

বিজ্ঞাপন

ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, এতদিন তিস্তা চুক্তি না হওয়ার প্রধান কারণ ছিল পশ্চিমবঙ্গ সরকারের বিরোধিতা। তার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অবস্থানের কারণে চুক্তিটি এগোয়নি।

তিনি বলেন, পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসা এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয় থাকায় এখন চুক্তি বাস্তবায়নের পথ সহজ হতে পারে বলে তারা আশা করছেন।

বিজ্ঞাপন

আজিজুল বারী হেলাল আরও বলেন, বাংলাদেশ ও ভারতের কেন্দ্রীয় সরকার উভয়ই তিস্তা চুক্তি চাইলেও পশ্চিমবঙ্গ সরকারের আপত্তির কারণে তা আটকে ছিল। এখন নতুন প্রশাসনের সঙ্গে সমন্বয় হলে দীর্ঘদিনের এই সমস্যা সমাধান হতে পারে বলে বিএনপি বিশ্বাস করে।

তিনি উল্লেখ করেন, ভারতের পশ্চিমবঙ্গ বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সীমান্ত-সংলগ্ন রাজ্য হওয়ায় সেখানে রাজনৈতিক পরিবর্তন দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যান্য ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। আদর্শগত ভিন্নতা থাকলেও তিস্তা ও সীমান্ত নিরাপত্তার মতো জাতীয় স্বার্থের বিষয়ে বিএনপি ও বিজেপির মধ্যে কিছু বিষয়ে সমঝোতা রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, ১৯৯৬ সালের গঙ্গা পানি চুক্তির মেয়াদ চলতি বছর শেষ হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ তিস্তার ন্যায্য পানির দাবি জানালেও পশ্চিমবঙ্গের আপত্তিতে চুক্তি বাস্তবায়ন হয়নি। ২০১১ সালে সমঝোতা হলেও শেষ মুহূর্তে তা আটকে যায়। এর আগে ১৯৮৩ সালে একটি অস্থায়ী ব্যবস্থাও হয়েছিল, তবে তা পুরোপুরি কার্যকর হয়নি।

বিজ্ঞাপন

বাংলাদেশ ও ভারতের ৫৪টি অভিন্ন নদীর মধ্যে এখন পর্যন্ত গঙ্গা ও কুশিয়ারা ছাড়া অন্য কোনো নদীর পানি বণ্টন চুক্তি হয়নি। তিস্তা ও ফেনীসহ বেশ কয়েকটি নদীর বিষয় এখনও আলোচনাধীন।

সূত্র: এএনআই

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD