আসন্ন ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল সংযুক্ত আরব আমিরাত

আসন্ন ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছেন মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ১৮ মে থেকে জিলহজ মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আরব আমিরাত অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান এই সম্ভাব্য তারিখ জানিয়েছেন। তিনি একই সঙ্গে আরব জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশ বিজ্ঞান ইউনিয়নের সদস্যও।
তার দেওয়া তথ্যমতে, জিলহজ মাসের চাঁদ ১৭ মে রাত ১২টা ১ মিনিটে দৃশ্যমান হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই দিন সূর্যাস্তের প্রায় ৫৮ মিনিট পর চাঁদ অস্ত যাবে এবং এটি দিগন্ত থেকে প্রায় ১০ ডিগ্রি ওপরে অবস্থান করবে, ফলে চাঁদ দেখার পরিবেশ অনুকূলে থাকতে পারে।
বিজ্ঞাপন
এই হিসাব অনুযায়ী, ১৮ মে জিলহজ মাসের প্রথম দিন ধরা হলে ২৬ মে পালিত হবে আরাফার দিন এবং পরদিন ২৭ মে উদ্যাপিত হতে পারে পবিত্র ঈদুল আজহা।
তবে জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, এসব তারিখ বৈজ্ঞানিক পূর্বাভাসের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। চূড়ান্তভাবে ঈদের তারিখ নির্ভর করবে সরকারিভাবে চাঁদ দেখার ঘোষণার ওপর।
বিজ্ঞাপন
সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে ঈদ উদ্যাপিত হয়। সে হিসাবে দেশে আগামী ২৮ মে ঈদুল আজহা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তই এ বিষয়ে চূড়ান্ত হবে।
সূত্র: গালফ নিউজ








