Logo

কয়েকদিনের নাটকীয়তার পর অবশেষে মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজয়

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৯ মে, ২০২৬, ১৮:৫০
কয়েকদিনের নাটকীয়তার পর অবশেষে মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজয়
থালাপতি বিজয় | ফাইল ছবি

ভারতের তামিলনাড়ুতে সরকার গঠনকে কেন্দ্র করে টানা কয়েকদিনের রাজনৈতিক অনিশ্চয়তা ও নাটকীয়তার অবসান হতে যাচ্ছে। অবশেষে ভিসিকে (ভিডুথালাই চিরুথাইগাল কাচি) দল আনুষ্ঠানিকভাবে থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে-কে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়।

বিজ্ঞাপন

শনিবার (৯ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, দীর্ঘ আলোচনা ও রাজনৈতিক টানাপোড়েনের পর ভিসিকে শেষ পর্যন্ত কোনো শর্ত ছাড়াই থালাপতির দলকে সমর্থন দিতে সম্মত হয়েছে। এতে সরকার গঠন নিয়ে তৈরি হওয়া জটিলতা অনেকটাই দূর হয়েছে।

এবারের নির্বাচনে ভিসিকে দুটি আসনে জয় লাভ করে। দলটির নির্বাচিত দুই বিধায়ক টিভিকের সঙ্গে যোগ দিলে থালাপতির নেতৃত্বাধীন জোটের আসন সংখ্যা দাঁড়াবে ১১৮-তে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার সীমা।

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার থেকেই ভিসিকের পক্ষ থেকে থালাপতি বিজয়কে সমর্থনের ইঙ্গিত দেওয়া হচ্ছিল। তবে আনুষ্ঠানিকভাবে রাজ্যপালের কাছে সমর্থনের চিঠি জমা না দেওয়ায় রাজনৈতিক অচলাবস্থার সৃষ্টি হয়। পরে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয় যে, সমর্থনের বিনিময়ে ভিসিকে উপমুখ্যমন্ত্রীর পদ চাইতে পারে। এমনকি একপর্যায়ে মুখ্যমন্ত্রীর পদ দাবি করার খবরও ছড়িয়ে পড়ে।

তবে শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে দলটি নিঃশর্ত সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বিজ্ঞাপন

তামিলনাড়ু বিধানসভার মোট আসন সংখ্যা ২৩৪। সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। এবারের নির্বাচনে একক দল হিসেবে সর্বোচ্চ ১০৮টি আসন পেয়েছে থালাপতি বিজয়ের দল টিভিকে। ফলে সরকার গঠনের জন্য আরও ১০টি আসনের প্রয়োজন ছিল তাদের।

এই সংখ্যা পূরণে থালাপতির সঙ্গে জোটে যোগ দিচ্ছে ভারতীয় কংগ্রেস, সিপিআই, সিপিআই (এম) এবং সর্বশেষ ভিসিকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন এই সমীকরণ তামিলনাড়ুর রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই সরকার গঠনের দ্বারপ্রান্তে পৌঁছে থালাপতি বিজয় এখন দক্ষিণ ভারতের রাজনীতিতে অন্যতম আলোচিত ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD