যমজ ভাই-বোনের চমক : একই দিনে জন্ম, একই পরীক্ষায় একই নম্বর

বাস্তবের গল্প যেন সিনেমাকেও হার মানায়। জন্ম থেকে শুরু করে স্কুলজীবনের প্রতিটি ধাপ একসঙ্গে পার করেছেন যমজ ভাই-বোন কৌশিক বিশ্বাস ও সুপ্রিয়া বিশ্বাস। একই স্কুল, একই শ্রেণিকক্ষে পড়াশোনা—আর এবার মাধ্যমিক পরীক্ষাতেও দুজনের প্রাপ্ত নম্বর একেবারে অভিন্ন। এমন বিরল ঘটনায় এখন তাদের নিয়েই চলছে ব্যাপক আলোচনা।
বিজ্ঞাপন
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ ব্লকের চাচন্ড বি জে হাইস্কুলের শিক্ষার্থী কৌশিক ও সুপ্রিয়া এবারের মাধ্যমিক পরীক্ষায় দুজনেই পেয়েছেন ৬১১ নম্বর। ফল প্রকাশের পর বিষয়টি সামনে আসতেই বিস্মিত হয়েছেন শিক্ষক, সহপাঠী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারাও।
স্কুল কর্তৃপক্ষ জানায়, ছোটবেলা থেকেই একসঙ্গে বেড়ে ওঠা এই যমজ ভাই-বোনের মধ্যে পড়াশোনায় ছিল দারুণ বোঝাপড়া ও সুস্থ প্রতিযোগিতা। পরীক্ষার ফলাফলে সাধারণত ২-৩ নম্বরের পার্থক্য দেখা গেলেও এবার সেই ব্যবধান পুরোপুরি মিলিয়ে গেছে। দুজনই অর্জন করেছেন একই নম্বর।
বিজ্ঞাপন

ফল হাতে পাওয়ার পর কৌশিক ও সুপ্রিয়া নিজেরাও অবাক হয়ে যান। তাদের ভাষ্য, কখনও কল্পনাও করেননি যে দুজনের নম্বর হুবহু এক হবে।
চাচন্ড বি জে হাইস্কুলের প্রধান শিক্ষক মিজাউর রহমান বলেন, স্কুলের ইতিহাসে এমন ঘটনা আগে ঘটেনি। এটি নিঃসন্দেহে ব্যতিক্রমধর্মী ও গর্বের একটি অর্জন।
বিজ্ঞাপন
ফল প্রকাশের পর বিশ্বাস পরিবারে এখন আনন্দের পরিবেশ। মা পিঙ্কি বিশ্বাস জানান, ছেলে-মেয়ে দুজনই ভালো ফল করবে এমন প্রত্যাশা ছিল, তবে একই নম্বর পাবে—এটা ছিল একেবারেই অপ্রত্যাশিত।
এদিকে এলাকাজুড়ে এখন কৌশিক ও সুপ্রিয়াকে নিয়ে চলছে আলোচনা। স্থানীয়দের মতে, এটি শুধু ভালো ফলের ঘটনা নয়, বরং এক বিরল ও স্মরণীয় কাকতালীয় ঘটনা, যা দীর্ঘদিন মানুষের মনে জায়গা করে নেবে।








