পরাজয়ের পর জাতীয় ঐক্যের ডাক দিলেন মমতা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় ধরনের পরাজয়ের পর নতুন রাজনৈতিক কৌশলের ইঙ্গিত দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিপক্ষে বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বাম, অতিবাম ও অন্যান্য বিরোধী শক্তিকে একসঙ্গে কাজ করার প্রস্তাব দিয়েছেন।
বিজ্ঞাপন
শনিবার (৯ মে) কলকাতার ব্রিগেড গ্রাউন্ডে বিজেপির নতুন সরকার শপথ গ্রহণের মধ্যেই বিরোধী রাজনৈতিক শক্তিগুলোকে একত্রিত হওয়ার ডাক দেন মমতা। একই দিনে কলকাতার কালীঘাটে নিজের বাসভবনে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
তৃণমূল নেত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক বিভাজনের চেয়ে ঐক্য বেশি প্রয়োজন। বিজেপির বিরুদ্ধে সব রাজনৈতিক দল, ছাত্র-যুব সংগঠন ও সামাজিক সংগঠনকে একত্র হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
তিনি বলেন, চারদিকে আতঙ্ক ও অস্থিরতার পরিস্থিতি তৈরি হয়েছে, তাই এখন সবাইকে এক মঞ্চে আসতে হবে।
মমতা বলেন, বামপন্থি, অতিবাম কিংবা যেকোনো জাতীয় রাজনৈতিক দল—যারা বিজেপির বিরুদ্ধে অবস্থান নিতে চায়, তাদের সবাইকে তিনি আলোচনায় স্বাগত জানাচ্ছেন। রাজনৈতিক মতভেদ ভুলে বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হওয়াই এখন সময়ের দাবি।
বিজেপিকে প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ উল্লেখ করে তিনি বলেন, এখন ব্যক্তিগত বা দলীয় পরিচয়ের চেয়ে বড় বিষয় হলো গণতান্ত্রিক লড়াই। “শত্রুর শত্রু বন্ধু”—এই রাজনৈতিক বাস্তবতা মাথায় রেখেই বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তৃণমূল নেত্রী।
বিজ্ঞাপন
এদিকে ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি। ২৩৪ আসনের বিধানসভায় দলটি ২০৭টি আসনে জয়লাভ করেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮০টি আসন।
নির্বাচনের ফলাফলে কংগ্রেস দুটি, সিপিএম একটি, আইএসএফ একটি এবং আমজনতা উন্নয়ন পার্টি দুটি আসনে জয় পেয়েছে। ভোটের পরিসংখ্যান অনুযায়ী, বিজেপি মোট ভোটের ৪৫ দশমিক ৮৪ শতাংশ পেয়েছে। তৃণমূল কংগ্রেসের ভোটের হার ৪০ দশমিক ৮০ শতাংশ। এছাড়া কংগ্রেস পেয়েছে ২ দশমিক ৯৭ শতাংশ এবং সিপিএম ৪ দশমিক ৪৫ শতাংশ ভোট।
বিজ্ঞাপন
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনে বড় ধাক্কা খাওয়ার পর বিরোধী শক্তিকে একত্রিত করার মাধ্যমে নতুন রাজনৈতিক সমীকরণ গড়ে তুলতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির শক্ত অবস্থানের মুখে ভবিষ্যতের রাজনীতিতে এই ঐক্যের ডাক কতটা কার্যকর হয়, এখন সেটিই দেখার বিষয়।








