মা-বাবাকে নিয়ে ভ্রমণে গেলেই মিলবে বেতনসহ ছুটি ও বিশেষ ভাতা

মা দিবস উপলক্ষে কর্মীদের জন্য অভিনব এক সুবিধা ঘোষণা করে আলোচনায় এসেছে ভারতের একটি বেসরকারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, যারা মা-বাবাকে নিয়ে তিন দিনের ভ্রমণে যাবেন, তারা পাবেন বেতনসহ ছুটি এবং অতিরিক্ত আর্থিক সহায়তা। ব্যতিক্রমী এই উদ্যোগ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
বিজ্ঞাপন
ভারতের দিল্লি-ভিত্তিক একটি মার্কেটিং ও জনসংযোগ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা রজত গ্রোভার এই ঘোষণা দেন। তার ঘোষণা অনুযায়ী, কর্মীরা যদি নিজেদের মা-বাবাকে নিয়ে তিন দিনের জন্য কোথাও ঘুরতে যান, তাহলে প্রতিষ্ঠান তাদের তিন দিনের বেতনসহ ছুটি দেবে। পাশাপাশি দেওয়া হবে অতিরিক্ত ১০ হাজার রুপি ভাতা।
শনিবার (৯ মে) বিষয়টি প্রকাশ্যে আসার পর তা দ্রুত নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে।
বিজ্ঞাপন
ভাইরাল হওয়া এক ভিডিও বার্তায় রজত গ্রোভার বলেন, আধুনিক কর্মব্যস্ত জীবনে অনেকেই পরিবার, বিশেষ করে মা-বাবার সঙ্গে সময় কাটানোর সুযোগ হারিয়ে ফেলছেন। অনেকে তাদের পছন্দ, ইচ্ছা কিংবা শারীরিক অবস্থার খোঁজও নিয়মিত রাখতে পারেন না।
তিনি কর্মীদের উদ্দেশে বলেন, প্রথমে মা-বাবার কাছে জানতে হবে তারা কোথায় যেতে চান কিংবা কী করতে পছন্দ করেন। এরপর তাদের সেই ইচ্ছা পূরণে ছোট্ট একটি ভ্রমণের আয়োজন করতে হবে। এই পারিবারিক সময়কে উৎসাহিত করতেই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দেওয়া হচ্ছে ছুটি ও ভাতা।
বিজ্ঞাপন
রজত গ্রোভার আরও উল্লেখ করেন, এটি হয়তো ছোট একটি উদ্যোগ, কিন্তু এর প্রভাব পারিবারিক সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তার মতে, কর্মজীবনের চাপের মাঝেও বাবা-মায়ের প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসা প্রকাশের সুযোগ তৈরি হওয়া জরুরি।
ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই এই উদ্যোগকে মানবিক ও সময়োপযোগী বলে মন্তব্য করেছেন। কেউ কেউ বলছেন, করপোরেট সংস্কৃতিতে এমন উদ্যোগ খুব কমই দেখা যায়। আবার অনেকে মনে করছেন, কর্মীদের মানসিক সুস্থতা ও পারিবারিক সম্পর্ক উন্নয়নে এ ধরনের পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।








