তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়কে মোদির অভিনন্দন

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়কে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিজ্ঞাপন
রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মোদি বলেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় সি. জোসেফ বিজয়কে আন্তরিক অভিনন্দন। তিনি বিজয়ের সফল মেয়াদ কামনা করেন।
অভিনন্দন বার্তার পাশাপাশি তামিলনাড়ুর উন্নয়নে কেন্দ্রীয় সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাসও দেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, রাজ্যের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কেন্দ্র ও রাজ্য সরকার একযোগে কাজ করবে।
বিজ্ঞাপন
দীর্ঘদিন চলচ্চিত্র জগতে জনপ্রিয়তা অর্জনের পর থালাপতি বিজয় নিজের রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) গঠন করে সক্রিয় রাজনীতিতে নামেন। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে দলটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করলে তিনি সরকার গঠনের সুযোগ পান।
রোববার আনুষ্ঠানিকভাবে শপথ নেওয়ার মধ্য দিয়ে দক্ষিণ ভারতের গুরুত্বপূর্ণ রাজ্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন বিজয়। তার এই নতুন রাজনৈতিক যাত্রায় ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতা ও বিনোদন অঙ্গনের ব্যক্তিরা শুভেচ্ছা জানিয়েছেন।
বিজ্ঞাপন
সূত্র: ইন্ডিয়া টুডে








