Logo

আমিরাতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা, বাংলাদেশে কবে?

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১০ মে, ২০২৬, ১৪:১৫
আমিরাতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা, বাংলাদেশে কবে?
ছবি: সংগৃহীত

ত্যাগ ও আত্মসমর্পণের মহান আদর্শকে ধারণ করে প্রতি বছর মুসলিম বিশ্বে পালিত হয় পবিত্র ঈদুল আজহা। হযরত ইব্রাহিম (আ.) ও তাঁর পুত্র ইসমাইল (আ.)-এর আল্লাহর প্রতি আনুগত্য ও আত্মত্যাগের স্মৃতিকে কেন্দ্র করেই এই ধর্মীয় উৎসবের সূচনা। সেই ঐতিহাসিক ঘটনার ধারাবাহিকতায় সামর্থ্যবান মুসলমানদের জন্য পশু কোরবানি ইসলামে গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে বিবেচিত হয়।

বিজ্ঞাপন

এবারের ঈদুল আজহা ঘনিয়ে আসায় বিভিন্ন মুসলিম দেশে চাঁদ দেখা ও সম্ভাব্য ঈদের তারিখ নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে ইতোমধ্যে ঈদকে কেন্দ্র করে উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৬ সালের ১৭ মে (রবিবার) রাত ১২টা ১ মিনিটে জিলহজ মাসের নতুন চাঁদের জন্ম হবে বলে জানিয়েছেন আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য এবং এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান।

বিজ্ঞাপন

তিনি জানান, ওই দিন সূর্যাস্তের প্রায় ৫৮ মিনিট পর্যন্ত দিগন্তে চাঁদ দৃশ্যমান থাকতে পারে। সূর্যাস্তের সময় চাঁদের উচ্চতা প্রায় ১০ ডিগ্রি এবং বয়স প্রায় ১৯ ঘণ্টা হবে, যা চাঁদ দেখার জন্য অত্যন্ত অনুকূল পরিবেশ হিসেবে বিবেচিত হচ্ছে।

এই হিসাব অনুযায়ী, ১৮ মে (সোমবার) জিলহজ মাসের প্রথম দিন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সে অনুযায়ী, ৯ জিলহজ বা পবিত্র আরাফাত দিবস পালিত হতে পারে ২৬ মে (মঙ্গলবার)। আর পরদিন ২৭ মে (বুধবার) সংযুক্ত আরব আমিরাতে উদযাপিত হতে পারে পবিত্র ঈদুল আজহা।

বিজ্ঞাপন

তবে দেশটির সংশ্লিষ্ট ফতোয়া কাউন্সিলের আনুষ্ঠানিক চাঁদ দেখার ঘোষণার পরই চূড়ান্ত তারিখ নিশ্চিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর হিজরি মাস গণনা শুরু হয়। সেই ধারাবাহিকতায় আমিরাতে যদি ২৭ মে ঈদ উদযাপিত হয়, তাহলে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে ২৮ মে (বৃহস্পতিবার)।

তবে বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষেই সরকারিভাবে ঈদের তারিখ নির্ধারণ করা হবে। দেশের জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD