পাকিস্তানে বোমা হামলায় ১২ পুলিশ সদস্য নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলায় গাড়ি বোমা বিস্ফোরণ ও গুলির ঘটনায় অন্তত ১২ পুলিশ সদস্য নিহত হয়েছেন। আফগানিস্তান সীমান্তবর্তী এই এলাকায় শনিবার (৯ মে) রাতে এ হামলার ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ঘটনার দায় স্বীকার করেছে ‘ইত্তেহাদ-উল-মুজাহিদিন পাকিস্তান’ নামের একটি সশস্ত্র গোষ্ঠী।
পুলিশ কর্মকর্তা জাহিদ খান আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপিকে জানান, একটি নিরাপত্তা চৌকির কাছে আত্মঘাতী বোমা হামলাকারী ও সশস্ত্র ব্যক্তিরা গাড়িবোমা বিস্ফোরণ ঘটায়। এতে চৌকিটি ধসে পড়ে।
বিজ্ঞাপন
হামলার পর ঘটনাস্থলে পুরো নিরাপত্তা চৌকি ধ্বংসস্তূপে পরিণত হয় বলে জানানো হয়েছে।
রয়টার্স নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে, বোমা বিস্ফোরণের পর ঘটনাস্থলে যাওয়া পুলিশ সদস্যদের লক্ষ্য করে অ্যাম্বুশ চালায় হামলাকারীরা। ওই সময় গুলিতে একাধিক পুলিশ সদস্য হতাহত হন।
এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রথমে বিস্ফোরকবোঝাই গাড়ি দিয়ে চৌকিতে হামলা চালানো হয়। এরপর গুলি চালায় হামলাকারীরা। পরে সহায়তার জন্য আরও পুলিশ গেলে তাদের ওপরও অতর্কিত হামলা হয়।
বিজ্ঞাপন
প্রতিবেদনে আরও বলা হয়, হামলায় ড্রোন ব্যবহারের তথ্যও পাওয়া গেছে। এতে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিস্ফোরণের তীব্রতায় আশপাশের সাধারণ মানুষের ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিজ্ঞাপন
সূত্র: আল জাজিরা








