মন্দির-স্কুলের কাছে ৭১৭টি মদের দোকান বন্ধের নির্দেশ বিজয়ের

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় (থালাপতি বিজয়) রাজ্যজুড়ে মন্দির, স্কুল ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে থাকা ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন।
বিজ্ঞাপন
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, রাজ্যের স্টেট মার্কেটিং করপোরেশন (টাসম্যাক) পরিচালিত এসব দোকান আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধ করতে হবে।
ক্ষমতায় আসার পর জনকল্যাণমূলক পদক্ষেপ হিসেবে এটিকে বিজয়ের প্রথম বড় সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) প্রধান বিজয় নির্বাচনের সময় ‘মাদকমুক্ত তামিলনাড়ু’ গড়ার অঙ্গীকার করেছিলেন। এই সিদ্ধান্তকে সেই প্রতিশ্রুতির বাস্তবায়নের সূচনা হিসেবে ধরা হচ্ছে।
বিজ্ঞাপন
সরকারি তথ্য অনুযায়ী, টাসম্যাক বর্তমানে রাজ্যে মোট ৪ হাজার ৭৬৫টি মদের দোকান পরিচালনা করে। এর মধ্যে ২৭৬টি উপাসনালয়ের, ১৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের এবং ২৫৫টি বাসস্ট্যান্ডের কাছাকাছি অবস্থিত।
রাজ্যের রাজস্ব আয়ের বড় একটি অংশ আসে টাসম্যাকের মাধ্যমে। ২০২৫ সালে শুধু মদ বিক্রি থেকেই ৪৮ হাজার কোটি রুপির বেশি রাজস্ব আদায় হয়। তবুও সামাজিক কারণে এই সিদ্ধান্ত ব্যাপক সমর্থন পেয়েছে বলে মনে করা হচ্ছে।
বিজ্ঞাপন
গত মাসের বিধানসভা নির্বাচনে বিজয়ের দল একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও কংগ্রেস, দুটি বামপন্থি দল এবং বিদুথালাই চিরুথাইগাল কাছির সমর্থনে সরকার গঠন করে।
সূত্র: এনডিটিভি








