ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ আছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ আছে। সোমবার (১১ মে) হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
বিজ্ঞাপন
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছিল, তার জবাব রোববার লিখিতভাবে দেয় ইরান। তবে সেই জবাবকে ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেন ট্রাম্প। এতে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি গৃহীত হলে স্থায়ী যুদ্ধবিরতির পথ খুলে যেত এবং পরবর্তী সময়ে একটি বিস্তৃত চুক্তির দিকে এগোনোর সুযোগ তৈরি হতো।
বিজ্ঞাপন
ইরানের জবাবে যুদ্ধের ক্ষতিপূরণ, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, ভবিষ্যতে হামলা না চালানোর নিশ্চয়তা এবং তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানানো হয়।
জবাব পাওয়ার কয়েক ঘণ্টা পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লেখেন, ‘এটি আমার পছন্দ হয়নি। এটি পুরোপুরি অগ্রহণযোগ্য।’
বিজ্ঞাপন
পরে হোয়াইট হাউজে তিনি বলেন, ‘যুদ্ধবিরতি এখন বড় ধরনের লাইফ সাপোর্টে আছে। যেন একজন চিকিৎসক এসে বলছেন, আপনার প্রিয়জনের বেঁচে থাকার সম্ভাবনা মাত্র ১ শতাংশ।’
তবে একই সঙ্গে সম্ভাবনার কথাও উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি মনে করি চুক্তি হওয়া এখনও সম্ভব। এর আগে চার বা পাঁচবার আমরা সমঝোতার কাছাকাছি গিয়েছিলাম, কিন্তু পরে তারা অবস্থান বদলে ফেলেছে।’
ট্রাম্প আরও দাবি করেন, ইরানের নেতারা একসময় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সরিয়ে নিতে রাজি হলেও পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন।
বিজ্ঞাপন
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে সংঘাত শুরু হয়। প্রায় ছয় সপ্তাহের যুদ্ধের পর ৮ এপ্রিল থেকে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।
সূত্র: রয়টার্স








