Logo

মুসলিমদের অত্যাচার করলে কোনো হিন্দুকে ছাড় দেয়া হবে না: বিজয়

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১২ মে, ২০২৬, ১৪:৪৫
মুসলিমদের অত্যাচার করলে কোনো হিন্দুকে ছাড় দেয়া হবে না: বিজয়
ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় (থালাপতি বিজয়) সামাজিক শৃঙ্খলা ও নাগরিক অধিকার রক্ষায় কঠোর অবস্থান গ্রহণের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১২ মে) সকালে দেওয়া এক বক্তব্যে তিনি স্পষ্টভাবে জানান, তার রাজ্যে যদি কোনো হিন্দু মুসলিমদের ওপর অত্যাচার করে, তবে তার ফল বিশ্বের ইতিহাসে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

বিজ্ঞাপন

তিনি হুশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে অন্যদের ওপর নির্যাতন বা সহিংসতা চালায়, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, অপরাধী যে ধর্মেরই হোক না কেন, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

মুখ্যমন্ত্রীর ভাষায়, নাগরিক অধিকার সবার জন্য সমান এবং তা রক্ষা করা সরকারের মৌলিক দায়িত্ব। ক্ষমতা গ্রহণের পর সামাজিক সংস্কারমূলক পদক্ষেপের অংশ হিসেবে তিনি রাজ্যজুড়ে ৭০০টিরও বেশি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, তামিলনাড়ু স্টেট মার্কেটিং করপোরেশন (টাসম্যাক) পরিচালিত মোট ৭১৭টি মদের দোকান দ্রুত বন্ধ করা হবে। এসব দোকান ধর্মীয় স্থান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের কাছাকাছি এলাকায় অবস্থিত ছিল।

সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে রাজ্যে টাসম্যাকের অধীনে মোট ৪ হাজার ৭৬৫টি মদের দোকান রয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, কোনো ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল-কলেজ বা বাসস্ট্যান্ডের ৫০ মিটারের মধ্যে মদের দোকান রাখা যাবে না। বন্ধ হতে যাওয়া দোকানগুলোর মধ্যে ২৭৬টি ধর্মীয় স্থানের কাছে, ১৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে এবং ২৫৫টি বাসস্ট্যান্ডের আশপাশে অবস্থিত।

এর আগে গত রবিবার ৫১ বছর বয়সী এই অভিনেতা-রাজনীতিক মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। তার দল তামিলনাড়ু ভেট্টি কাজাগাম (টিভিকে) সাম্প্রতিক নির্বাচনে ডিএমকে ও এআইএডিএমকে-র দীর্ঘদিনের আধিপত্য ভেঙে বড় জয় পায়।

বিজ্ঞাপন

নির্বাচনের পর কংগ্রেস, বাম দল ও মুসলিম লিগসহ বিভিন্ন রাজনৈতিক শক্তির সমর্থনে তার নেতৃত্বে রাজ্যে জোট সরকার গঠিত হয়। ক্ষমতায় এসে তিনি জনকল্যাণমুখী একাধিক সিদ্ধান্ত নেন, যার মধ্যে রয়েছে ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ এবং নারীদের নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠন।

এছাড়া জেলাভিত্তিক মাদকবিরোধী বিশেষ ইউনিট গঠনের পরিকল্পনাও ঘোষণা করা হয়েছে। তবে বিপুল সংখ্যক মদের দোকান বন্ধের সিদ্ধান্তে রাজস্ব আয়ে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

বিজ্ঞাপন

তাদের মতে, এতে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে অর্থায়নেও চাপ তৈরি হতে পারে। একই সঙ্গে ডিএমকে আমলের অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের ঘোষণাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD