পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে পুলিশসহ নিহত ৭

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন পুলিশ সদস্যও রয়েছেন। মঙ্গলবার (১২ মে) প্রদেশটির লাক্কি মারওয়াত জেলার সেরাই নওরং এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর দ্য ডন।
বিজ্ঞাপন
ঘটনায় আরও অন্তত ২৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
জেলা পুলিশের মুখপাত্র কুদরাতুল্লাহ খান বলেন, বিস্ফোরণটি কীভাবে ঘটেছে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। বিস্ফোরকভর্তি একটি লোডার রিকশা সেখানে রাখা ছিল কি না, নাকি এটি আত্মঘাতী হামলা—তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলেও তিনি জানান।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, বোমা নিষ্ক্রিয়করণ দলের বিশেষজ্ঞরা ঘটনাস্থলে কাজ করছেন এবং বিস্ফোরণের প্রকৃত ধরন নির্ধারণের চেষ্টা করছেন।
নিহত দুই পুলিশ সদস্য হলেন আদিল জান ও রহাতুল্লাহ। তাদের মরদেহ তহসিল সদর হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে বান্নু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতদের তালিকায় এক কিশোরী ও এক নারীও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, ব্যস্ত ওই মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন ট্রাফিক পুলিশ সদস্যরা। গুরুত্বপূর্ণ এই সড়কটি বান্নু ও ডেরা ইসমাইল খান শহরের মধ্যে যোগাযোগের প্রধান পথ হিসেবে ব্যবহৃত হয়।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের তীব্রতায় আশপাশের দোকানপাট এবং বেশ কয়েকটি তিন চাকার যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার পর নওরং সার্কেলের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি)–এর নেতৃত্বে একটি বড় পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং আলামত সংগ্রহ শুরু করে।
বিজ্ঞাপন
এর আগে রেসকিউ ১১২২-এর মুখপাত্র শাহদাব খান বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পাশাপাশি তিনি সাধারণ মানুষকে উদ্ধারকাজে সহযোগিতা করা এবং বিস্ফোরণস্থল এড়িয়ে চলার আহ্বান জানান।
উল্লেখ্য, এর কয়েকদিন আগেই শনিবার রাতে একই প্রদেশের বান্নুর ফতেহ খেল পুলিশ পোস্টে আত্মঘাতী হামলায় অন্তত ১৫ জন পুলিশ সদস্য নিহত হন।








