যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের কারণে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান বিন জাসিম আল থানি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১২ মে) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, চলমান সংঘাতের প্রভাব হরমুজ প্রণালির নিরাপত্তা ও আন্তর্জাতিক সামুদ্রিক চলাচলের ওপর গুরুতর চাপ সৃষ্টি করেছে।
কাতারের প্রধানমন্ত্রী বলেন, হরমুজ প্রণালিকে কার্যত এই সংঘাতের একটি কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এর ফলে উপসাগরীয় দেশগুলো, বিশেষ করে অর্থনৈতিকভাবে, বড় ধরনের চাপে পড়েছে।
বিজ্ঞাপন
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে। সোমবার (১১ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছিল, ইরানের দেওয়া জবাব তা গ্রহণযোগ্য নয়। এতে দুই দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
রবিবার (১০ মে) ইরান তাদের জবাবে যুদ্ধের ক্ষতিপূরণ, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, ভবিষ্যতে হামলা না চালানোর নিশ্চয়তা এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানায়।
বিজ্ঞাপন
ওয়াশিংটনের প্রস্তাব বাস্তবায়িত হলে স্থায়ী যুদ্ধবিরতির পথ তৈরি হতে পারত এবং পরবর্তী সময়ে দুই দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তির সম্ভাবনা তৈরি হতো।
সূত্র: আল-জাজিরা








