ভয়াবহ সংঘর্ষের পর রাস্তায় নয়, খুঁটিতে ঝুলল মোটরসাইকেল

কানাডায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর দেখা গেছে অবাক করা এক দৃশ্য। সংঘর্ষের তীব্রতায় একটি মোটরসাইকেল কয়েক ফুট ওপরে ছিটকে উঠে ট্রাফিক সিগন্যালের খুঁটিতে আটকে যায়। ঘটনাস্থলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
বিজ্ঞাপন
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, অস্বাভাবিক এই দুর্ঘটনার দৃশ্য দেখে বিস্মিত হয়েছেন অনেকেই। কারণ, সংঘর্ষের পর মোটরসাইকেলটি রাস্তার ওপর ছিটকে না পড়ে উঁচু ট্রাফিক সিগন্যাল কাঠামোর সঙ্গে ঝুলন্ত অবস্থায় আটকে থাকতে দেখা যায়।
শনিবার বিকেলে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার সারে-ডেল্টা সীমান্ত এলাকার একটি ব্যস্ত মোড়ে এ দুর্ঘটনা ঘটে। বিভিন্ন প্রতিবেদন ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি মোটরসাইকেলের সঙ্গে রুপালি রঙের একটি বিএমডব্লিউ সেডান গাড়ির সংঘর্ষ হয়।
বিজ্ঞাপন
সংঘর্ষটি এতটাই শক্তিশালী ছিল যে মোটরসাইকেলটি ওপরে ছিটকে উঠে ট্রাফিক সিগন্যালের উঁচু খুঁটির সঙ্গে আটকে যায়। পরে সেটিকে কয়েক ফুট ওপরে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।
ঘটনার পর তোলা ছবি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। কারণ, সাধারণ দুর্ঘটনার মতো রাস্তার ওপর ভাঙাচোরা অবস্থায় মোটরসাইকেলটি পড়ে থাকতে দেখা যায়নি। বরং মোড়ের ওপরে খুঁটিতে ঝুলতে দেখে অনেকে বিস্ময় প্রকাশ করেন।
ভাইরাল ভিডিওতে নিচে গুরুতর ক্ষতিগ্রস্ত বিএমডব্লিউ গাড়িটিও দেখা গেছে। এ সময় জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালাচ্ছিলেন।
বিজ্ঞাপন
এক প্রত্যক্ষদর্শী জানান, প্রথমে তিনি নিচে থাকা ক্ষতিগ্রস্ত গাড়িটি দেখেছিলেন। পরে ওপরে তাকিয়ে মোটরসাইকেলটিকে খুঁটিতে ঝুলতে দেখে তিনি হতবাক হয়ে যান। তার ভাষায়, “ঘটনাটি সত্যিই অবিশ্বাস্য।”
তিনি আরও বলেন, প্রথমে মনে হয়েছিল দুর্ঘটনায় শুধু গাড়িটিই ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে ওপরে তাকিয়ে মোটরসাইকেলটি দেখতে পান।
বিজ্ঞাপন
পুলিশ জানিয়েছে, মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হলেও তার প্রাণহানির আশঙ্কা নেই। অন্যদিকে বিএমডব্লিউ গাড়ির চালক অক্ষত রয়েছেন বলে জানা গেছে।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যবহারকারীদের অনেকে ঘটনাটিকে সিনেমার অ্যাকশন দৃশ্যের সঙ্গে তুলনা করেছেন। আবার অনেকেই ভয়াবহ দুর্ঘটনার পরও মোটরসাইকেল আরোহী বেঁচে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন।








