Logo

৫০০তে ৪৯৯ পেলেন ছেলে, তবুও মা বললেন আরও মন দিয়ে পড়া উচিত ছিল

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১২ মে, ২০২৬, ১৭:৫৯
৫০০তে ৪৯৯ পেলেন ছেলে, তবুও মা বললেন আরও মন দিয়ে পড়া উচিত ছিল
ছবি: সংগৃহীত

ভারতের শিলিগুড়ির অক্সিলিয়াম কনভেন্ট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী দিব্যেন্দু প্রামাণিক সম্প্রতি আইসিএসই বোর্ড পরীক্ষায় ৫০০ নম্বরের মধ্যে ৪৯৯ পেয়ে সর্বভারতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে। তবে তার এই অসাধারণ ফলাফলের পরও মায়ের একটি মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

দিব্যেন্দুর মা ও পেশায় স্কুলশিক্ষিকা বাণী প্রামাণিক শর্মা একটি ভাইরাল ভিডিওতে বলেন, আমার মন খারাপ… ও যদি আরও এক নম্বর পেত, তাহলে ভালো হতো। যদি ও আরেকটু মন দিয়ে পড়াশোনা করত, তাহলে হয়তো ওই এক নম্বর না পাওয়ার জন্য আমাদের এতটা দুঃখ হতো না।

তার এই মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ বিষয়টিকে একজন মায়ের অতিরিক্ত প্রত্যাশা হিসেবে দেখছেন, আবার অনেকে এটিকে শিশুদের ওপর বাড়তি মানসিক চাপ সৃষ্টির উদাহরণ হিসেবে সমালোচনা করছেন।

বিজ্ঞাপন

ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া ভিডিওটির মন্তব্য ঘরে একজন ব্যবহারকারী লেখেন, “এমন বাবা-মা যেন আমার জীবনে কখনো না আসে।” আরেকজন মন্তব্য করেন, “এ কারণেই আমার ছেলে বৃদ্ধ বয়সে আমার সঙ্গে কথা বলে না।”

তবে বিতর্কের মাঝেও দিব্যেন্দু নিজে শান্ত প্রতিক্রিয়া জানিয়েছে। ভিডিওতে সে বলে,ওই এক নম্বর হারানোয় আমার খারাপ লাগছে, কিন্তু ঠিক আছে। আমি ভালোই করেছি।

বিজ্ঞাপন

দিব্যেন্দু আরও জানায়, ভবিষ্যতে সে প্রকৌশলী হতে চায় এবং ভারতের শীর্ষ প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি)-এর ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা করছে।

ঘটনাটি আবারও অভিভাবকদের প্রত্যাশা, শিক্ষার্থীদের মানসিক চাপ এবং পরীক্ষাভিত্তিক প্রতিযোগিতা নিয়ে সামাজিক মাধ্যমে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD