নাইজেরিয়ার বাজারে বিমান হামলা, নিহত অন্তত ১০০

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা রাজ্যের একটি ব্যস্ত বাজারে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ১০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এতে আরও বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
বিজ্ঞাপন
মঙ্গলবার সংস্থাটি এক বিবৃতিতে জানায়, রোববার জুরমি জেলার দুর্গম তুমফা বাজারে এ হামলা চালানো হয়। এক মাসের ব্যবধানে উত্তর নাইজেরিয়ার কোনো জনবহুল বাজারে এটি দ্বিতীয় বড় ধরনের প্রাণঘাতী বিমান হামলা।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, আহতদের জুরমি ও পাশের শিনকাফি শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দারা জানান, হামলার আগে কয়েক ঘণ্টা ধরে সামরিক বিমানগুলো এলাকাটির আকাশে চক্কর দেয়। পরে সেগুলো ফিরে এসে বাজারে বোমা হামলা চালায়।
তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি নাইজেরিয়ার সামরিক বাহিনী। এর আগে বেসামরিক হতাহতের অভিযোগ অস্বীকার করে তারা জানিয়েছিল, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেবল সশস্ত্র গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করেই অভিযান চালানো হয়।
বিজ্ঞাপন
গত এপ্রিলেও উত্তর-পূর্বাঞ্চলের জিলি এলাকায় সাপ্তাহিক বাজারে একই ধরনের বিমান হামলায় অন্তত ২০০ জন নিহত হন। ওই ঘটনার তদন্ত এখনও চলছে।
নাইজেরিয়ার উত্তরাঞ্চলে সামরিক অভিযান ও বিমান হামলায় বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনা বাড়তে থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বেড়েছে। দেশটির সেনাবাহিনী উত্তর-পশ্চিমে সশস্ত্র দস্যু গোষ্ঠী এবং উত্তর-পূর্বে দীর্ঘদিনের ইসলামি বিদ্রোহ দমনে অভিযান চালিয়ে যাচ্ছে।
বিজ্ঞাপন
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ হামলাকে বেআইনি আখ্যা দিয়ে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। সংস্থাটির মতে, এমন ঘটনা বেসামরিক মানুষের জীবনের প্রতি চরম অবহেলার পরিচয়।
সূত্র: রয়টার্স








