Logo

মাটিতে পড়ে থাকা আম কুড়ালেই ৫ লাখ টাকা জরিমানা!

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১২ মে, ২০২৬, ১৯:৫৭
মাটিতে পড়ে থাকা আম কুড়ালেই ৫ লাখ টাকা জরিমানা!
ছবি: সংগৃহীত

রাস্তায় পড়ে থাকা একটি আম কুড়িয়ে নেওয়ার ঘটনাও যে বড় ধরনের শাস্তির কারণ হতে পারে, সেটিই সামনে এনেছে সিঙ্গাপুরের কঠোর আইন। দেশটিতে সরকারি জায়গায় থাকা গাছের ফল অনুমতি ছাড়া সংগ্রহ করলে গুনতে হতে পারে ৫ হাজার সিঙ্গাপুরি ডলার জরিমানা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ লাখ ৮২ হাজার টাকার সমান। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এক নারী।

বিজ্ঞাপন

বর্তমানে সিঙ্গাপুরে বসবাসকারী প্রিয়াঙ্কা সিনহা নামের এক নারী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানান—দেশটিতে সরকারি স্থানে থাকা গাছপালা ও তাদের ফল রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে বিবেচিত হয়। ফলে অনুমতি ছাড়া গাছ থেকে ফল পাড়া তো নিষিদ্ধই, এমনকি মাটিতে পড়ে থাকা ফল কুড়িয়ে নেওয়াও আইনত দণ্ডনীয় অপরাধ।

তার পোস্ট প্রকাশের পরপরই নেটদুনিয়ায় শুরু হয় ব্যাপক আলোচনা। বিশেষ করে ভারতীয় ব্যবহারকারীরা সিঙ্গাপুরের এই নিয়মের সঙ্গে নিজেদের দেশের বাস্তবতার তুলনা টানেন। কেউ কেউ হাস্যরস করে মন্তব্য করেন, দক্ষিণ এশিয়ার শহরগুলোতে এমন আইন বাস্তবায়ন করা প্রায় অসম্ভব।

বিজ্ঞাপন

সিঙ্গাপুরের জাতীয় উন্নয়ন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রাষ্ট্রীয় জমিতে থাকা গাছ এবং সেসব গাছের ফল সরকারের সম্পদ হিসেবে গণ্য করা হয়। দেশটির ন্যাশনাল পার্কস বোর্ড এসব গাছের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে। কেউ যদি সরকারি পার্ক বা উন্মুক্ত স্থানে থাকা ফল অনুমতি ছাড়া সংগ্রহ করেন, তাহলে ‘পার্কস অ্যান্ড ট্রিস অ্যাক্ট’-এর আওতায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।

আইন অনুযায়ী, সাধারণ সরকারি পার্ক থেকে ফল সংগ্রহ করলে সর্বোচ্চ ৫ হাজার সিঙ্গাপুরি ডলার জরিমানার বিধান রয়েছে। তবে ঘটনা যদি কোনো সংরক্ষিত বনাঞ্চল বা জাতীয় উদ্যানে ঘটে, তাহলে জরিমানার পরিমাণ বেড়ে ৫০ হাজার ডলার পর্যন্ত হতে পারে। এমনকি ছয় মাসের কারাদণ্ডের শাস্তিও দেওয়া হতে পারে।

বিজ্ঞাপন

এ নিয়ে অনলাইনে মজার মন্তব্যও কম হয়নি। এক ব্যবহারকারী প্রশ্ন করেন, “যদি পোষা প্রাণী ফল কুড়িয়ে আনে, তাহলে কী হবে?” এর উত্তরে আরেকজন মন্তব্য করেন, সিঙ্গাপুরের আইনে পোষা প্রাণীকেও মালিকের নিয়ন্ত্রণাধীন হিসেবে ধরা হয়। তাই প্রাণীর মাধ্যমে ফল সংগ্রহ করা হলেও দায় মালিকের ওপরই বর্তাবে।

বিশ্বজুড়ে পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও কঠোর আইন প্রয়োগের জন্য পরিচিত সিঙ্গাপুর। দেশটির কর্তৃপক্ষ মনে করে, এমন কঠোর বিধিনিষেধের কারণেই সিঙ্গাপুর বিশ্বের অন্যতম পরিচ্ছন্ন ও নিরাপদ রাষ্ট্র হিসেবে পরিচিতি পেয়েছে। তবে একটি পড়ে থাকা আম কুড়িয়ে নেওয়ার মতো ঘটনায় এত বড় অঙ্কের জরিমানার বিধান অনেককেই বিস্মিত করেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD