নরেন্দ্র মোদীর আহ্বানের পরই স্বর্ণ-রূপার শুল্ক বাড়লো ১৫ শতাংশ

ভারতে স্বর্ণ ও রূপার আমদানি শুল্ক এক ধাক্কায় ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করেছে কেন্দ্রীয় সরকার। এতে মূল্যবান ধাতুগুলোর দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি এক আহ্বানে আগামী এক বছর স্বর্ণ-রূপা না কেনার অনুরোধ জানানোর মাত্র দুই দিনের মাথায় এ সিদ্ধান্ত এলো।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, নতুন শুল্কহার কার্যকর হওয়ায় স্বর্ণ-রূপার আমদানিতে প্রায় আড়াই গুণ পর্যন্ত করের বোঝা বেড়েছে। এর সঙ্গে আরও ৫ শতাংশ কৃষি অবকাঠামো ও উন্নয়ন কর যুক্ত হওয়ায় সামগ্রিক খরচ আরও বৃদ্ধি পেয়েছে।
বিজ্ঞাপন
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্বর্ণ ভোক্তা দেশ ভারত। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, বিশ্বে বিদ্যমান স্বর্ণের প্রায় ১১ শতাংশই ভারতীয় নারীদের হাতে রয়েছে, যার পরিমাণ প্রায় ২৫ হাজার টন। প্রতিবছর দেশটিতে প্রায় ৮০০ টন স্বর্ণ কেনাবেচা হয়, যার বড় অংশই আমদানি নির্ভর।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংকট ও বৈশ্বিক অস্থিরতার কারণে ভারতের ডলার রিজার্ভে চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে স্বর্ণ আমদানি নিয়ন্ত্রণ করে রিজার্ভে চাপ কমানোর কৌশল নিয়েছে সরকার।
বিজ্ঞাপন
ফলে নতুন শুল্ক বৃদ্ধির সিদ্ধান্তে স্বর্ণ ও রূপার বাজারে বড় ধরনের মূল্যবৃদ্ধির শঙ্কা তৈরি হয়েছে।








