Logo

সমালোচনার মুখে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হলেন বিজয়

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৩ মে, ২০২৬, ১৭:৩৭
সমালোচনার মুখে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হলেন বিজয়
থালাপাতি বিজয় | ফাইল ছবি

তামিলনাড়ুর রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়ে শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলাতে হয়েছে তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (টিভিকে) নেতৃত্বকে। দলটির প্রধান ও মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের দপ্তরে এক জ্যোতিষীকে বিশেষ দায়িত্বে নিয়োগ দেওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে সেই নিয়োগ বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৩ মে) সকালে নাটকীয় আস্থাভোটে জয় পাওয়ার পরপরই এই নিয়োগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়। পরে বিরোধী দল, মিত্র জোট এবং বিভিন্ন মহলের তীব্র প্রতিক্রিয়ার মুখে দলটি তাদের অবস্থান থেকে সরে আসে।

দলীয় সূত্রে জানা যায়, রাধান পণ্ডিত ভেত্রিভেলকে টিভিকের প্রধান জোসেফ বিজয়ের দপ্তরে ‘অফিসার অন স্পেশাল ডিউটি (পলিটিক্যাল)’ পদে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে তিনি পেশায় একজন জ্যোতিষী হওয়ায় বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়।

বিজ্ঞাপন

বিরোধী রাজনৈতিক দলগুলো অভিযোগ তোলে, প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে একজন জ্যোতিষীকে নিয়োগ দেওয়া রাজনৈতিক ও প্রশাসনিকভাবে প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

শুধু বিরোধী শিবির নয়, টিভিকের জোটসঙ্গী বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে)-র নেতারাও এ নিয়োগে অসন্তোষ প্রকাশ করেন। দলটি আস্থাভোটে বিজয় সরকারের পক্ষে সমর্থন দিয়েছিল।

বিশ্লেষকদের মতে, জোটের ভেতরে অস্বস্তি তৈরি হওয়ায় রাজনৈতিক চাপ আরও বেড়ে যায়। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে নিয়োগ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় টিভিকে।

বিজ্ঞাপন

নিয়োগ বাতিলের আগে টিভিকে নেতা সি টি নির্মল কুমার সাংবাদিকদের বলেন, ভেত্রিভেলকে মূলত দলের মিডিয়া-সংক্রান্ত দায়িত্ব পালনের জন্য আনা হয়েছিল। তিনি আমাদের মিডিয়া পারসন ও মুখপাত্র হিসেবে কাজ করার কথা ছিল। তিনি কোন পেশা থেকে এসেছেন, সেটি নিয়োগের ক্ষেত্রে বিবেচ্য ছিল না।

তিনি আরও দাবি করেন, ভেত্রিভেলকে মিডিয়া হ্যান্ডলার হিসেবেই দায়িত্ব দেওয়া হয়েছিল, জ্যোতিষী পরিচয়ের কারণে নয়।

বিজ্ঞাপন

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাধান পণ্ডিত ভেত্রিভেল আগে থেকেই অভিনেতা-রাজনীতিক জোসেফ বিজয়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন ভবিষ্যদ্বাণী করেছিলেন।

এমনকি তার পরামর্শে বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানের সময়সূচিও পরিবর্তন করা হয়েছিল বলে দাবি করা হয়। এ তথ্য প্রকাশ্যে আসার পর বিতর্ক আরও তীব্র আকার ধারণ করে।

নাটকীয় আস্থাভোটে জয়লাভের পর বিজয় সরকারের জন্য এটি ছিল প্রথম বড় রাজনৈতিক বিতর্ক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রশাসনিক পদে নিয়োগ নিয়ে এমন বিতর্ক নতুন সরকারের ভাবমূর্তিতে প্রভাব ফেলতে পারে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD