Logo

শক্তিশালী ঝড় ও ভারী বৃষ্টিতে ৩৩ জনের মৃত্যু

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৪ মে, ২০২৬, ১১:৩২
শক্তিশালী ঝড় ও ভারী বৃষ্টিতে ৩৩ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশে শক্তিশালী ঝড় ও ভারী বৃষ্টিতে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। ভাদোহী, ফতেহপুর, বুধাউনসহ অন্তত পাঁচটি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বুধবার (১৩ মে) এসব হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

বিজ্ঞাপন

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ভাদোহীতে ১৬ জন, ফতেহপুরে ৯ জন এবং বুধাউনে ৫ জন প্রাণ হারিয়েছেন। বাকি হতাহতের ঘটনা অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকায় ঘটেছে।

অসময়ের এ দুর্যোগে ক্ষতিগ্রস্তদের দ্রুত আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ত্রাণ কার্যক্রম সম্পন্ন করতে হবে।

বিজ্ঞাপন

ভাদোহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কুনওয়ার বীরেন্দ্র কুমার জানান, জেলার বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়েছে, বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে এবং বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, ঝড়ের কারণে মোবাইল নেটওয়ার্ক ব্যাহত হওয়ায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সমস্যা হচ্ছে।

ভাদোহী পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, জেলার বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৬ জন, যাদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর।

বিজ্ঞাপন

ফতেহপুরে ৯ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন ১৬ জন। এর মধ্যে খাগা তহসিলে ৮ জনের মৃত্যু হয়েছে, যাদের পাঁচজন নারী। অন্যদিকে সদর তহসিলে বাড়ির দেয়াল ধসে আরও এক নারীর মৃত্যু হয়।

প্রাণহানির পাশাপাশি অতিরিক্ত বৃষ্টিতে গবাদিপশু ও কৃষিজ ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন

সূত্র: এনডিটিভি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD