ওমান উপকূলে হামলায় ডুবলো ভারতীয় জাহাজ, তীব্র নিন্দা নয়াদিল্লির

ওমান উপকূলে ভারতীয় পতাকাবাহী একটি কার্গো জাহাজে হামলার ঘটনায় জাহাজটি ডুবে গেছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ভারত সরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ঘটনাটিকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করে জানিয়েছে, বাণিজ্যিক জাহাজ ও নিরীহ নাবিকদের লক্ষ্যবস্তু বানানো অত্যন্ত উদ্বেগজনক।
বিজ্ঞাপন
সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষক সংস্থা ভ্যানগার্ড জানিয়েছে, জাহাজটির নাম এমএসভি হাজি আলী। এতে মোট ১৪ জন নাবিক ছিলেন। ওমানের লিমাহ উপকূলের কাছে, হরমুজ প্রণালির দক্ষিণে বিস্ফোরণের পর জাহাজটি আগুন ধরে ডুবে যায়।
প্রতিষ্ঠানটির দাবি, জাহাজটি সোমালিয়ার বেরবেরা বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহর উদ্দেশে গবাদিপশু বহন করছিল। পথে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার কারণে বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
হামলার পর নাবিকরা জাহাজ ত্যাগ করেন এবং পরে জাহাজটি সম্পূর্ণভাবে ডুবে যায় বলে জানানো হয়েছে। ভারত সরকার জানিয়েছে, জাহাজে থাকা সব ভারতীয় নাবিক নিরাপদে রয়েছেন এবং তাদের উদ্ধারে সহায়তা করায় ওমান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়েছে।
বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন হয়ে থাকে। সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক নৌ চলাচল ও জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।
ভারত সরকার জানিয়েছে, বাণিজ্যিক জাহাজে হামলা এবং নাবিকদের জীবনের ঝুঁকি সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিজ্ঞাপন
এদিকে একই সময়ে ব্রিকস জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে নয়াদিল্লিতে। সেখানে অংশ নিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি হরমুজ প্রণালি প্রসঙ্গে বলেন, যারা ইরানের নৌ নিরাপত্তা কাঠামোর সঙ্গে সহযোগিতা করবে, তাদের জন্য এই পথ উন্মুক্ত থাকবে।








