বাংলাসহ ১৯ ভাষায় হজযাত্রীদের পরিষেবা দেবে যে সৌদি অ্যাপ

চলতি মে মাসেই শুরু হতে যাচ্ছে মুসলমানদের অন্যতম ধর্মীয় ইবাদত হজ। এ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত হজযাত্রীদের জন্য মোট ১৯টি ভাষায় সেবা প্রদান করবে সৌদি সরকারের জাতীয় ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত ‘তাওয়াক্কালনা’ অ্যাপ।
বিজ্ঞাপন
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং তথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফটি। প্রস্তাবিত ১৯টি ভাষার মধ্যে রয়েছে আরবি, ইংরেজি, ইন্দোনেশীয়, হিন্দি, উর্দু, তুর্কি, ফরাসি, বাংলা, ফার্সি, মালয়, রুশ, চীনা, ফিলিপিনো, জার্মান, ডাচ, জাপানি, ইতালীয়, স্প্যানিশ ও পর্তুগিজ।
মূলত হজযাত্রীদের পুরো যাত্রাকে আরও সহজ ও নির্বিঘ্ন করতে এবং সৌদি সরকারের বিভিন্ন সেবা কেন্দ্রের সঙ্গে তাদের পরিচিত করাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সহজ ও বোধগম্য ভাষায় নির্দেশনা দেওয়ার লক্ষ্যেই অ্যাপটিকে বহুভাষিক করা হচ্ছে। সৌদিতে প্রবেশ থেকে শুরু করে মক্কা ও মদিনায় যাতায়াত, পবিত্র স্থানগুলো পরিদর্শন, মদিনায় মসজিদে নববী জিয়ারত এবং হজ শেষে নিজ দেশে ফেরার পুরো প্রক্রিয়ায় নিজ ভাষায় দিকনির্দেশনা ও সহায়তা পাবেন হজযাত্রীরা।
বিজ্ঞাপন
এছাড়া সৌদি সরকারের সমন্বিত ডিজিটাল হজ পারমিট প্ল্যাটফর্ম ‘তাসরিহ’-এর সঙ্গেও যুক্ত থাকবে এই অ্যাপ। এর মাধ্যমে হজ পারমিট, মক্কায় প্রবেশের অনুমতি, কর্মসংস্থান অনুমোদন, স্বেচ্ছাসেবক নিবন্ধন এবং যানবাহন সংক্রান্ত অনুমতিসহ বিভিন্ন সেবা পাওয়া যাবে।
কর্মকর্তাদের মতে, তাওয়াক্কালনা হজযাত্রীদের জন্য একটি বিশ্বস্ত ডিজিটাল সঙ্গী হিসেবে কাজ করার উপযোগী করেই তৈরি করা হয়েছে, যা দৈনন্দিন চলাচলে সহায়তা করবে এবং হজ চলাকালীন ও হজ শেষে মদিনা সফরের সময় একটি মসৃণ ও নিরাপদ ডিজিটাল অভিজ্ঞতা প্রদান করবে যাত্রীদের।
নুসুক গেটওয়ে সার্ভিসের মাধ্যমে মদিনায় মহানবী (স.)-এর রওজা আল রওজা আল শরিফা পরিদর্শনের জন্য বুকিং দেওয়ার সুযোগও রয়েছে তাওয়াক্কালানা অ্যাপে।
বিজ্ঞাপন
এছাড়া হজ চলাকালীন আরো যেসব অতিরিক্ত পরিষেবা এই অ্যাপটি থেকে পাওয়া যাবে সেগুলো হলো আরাফার খুতবাকে বিভিন্ন ভাষায় তুলে ধরা, “আসেফনি” নামক একটি জরুরি সহায়তা পরিষেবা, পবিত্র স্থানগুলোর জন্য সরাসরি আবহাওয়ার হালনাগাদ, কিবলার দিক, নামাজের সময় এবং ডিজিটাল কোরআন পরিষেবা।
সৌদি সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি ভিশন ২০৩০-এর অধীন ‘পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম’-এর অংশ হিসেবে হজ ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও উন্নত করার লক্ষ্যেই এই অ্যাপটি তৈরি ও সম্প্রসারণ করা হয়েছে।
বিজ্ঞাপন
সূত্র : এএফপি, গালফ নিউজ








