তিন দশকে ১৮ বার লটারি জয়, জানালেন আসল রহস্য

এক-দু’বার নয়, টানা প্রায় তিন দশকে ১৮ বার লটারিতে পুরস্কার জিতে আলোচনায় এসেছেন যুক্তরাষ্ট্রের বাসিন্দা রবার্ট বেভান। অবিশ্বাস্য এই সাফল্যের কারণে বিশ্বজুড়ে তাকে নিয়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। তবে সম্প্রতি তিনি নিজেই জানিয়েছেন, তার জীবনের প্রকৃত সৌভাগ্য আসলে লটারি নয়, বরং দীর্ঘ দাম্পত্য জীবন।
বিজ্ঞাপন
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে উঠে এসেছে রবার্ট বেভানের ব্যতিক্রমী জীবনের গল্প। সর্বশেষ তিনি ‘১,০০০,০০০ কিং স্ক্র্যাচ গেম’ নামের একটি লটারিতে ৫০ হাজার মার্কিন ডলার জিতেছেন। এই জয়ের মধ্য দিয়ে তার মোট লটারি জয়ের সংখ্যা দাঁড়িয়েছে ১৮-তে।
আইডাহো লটারি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বেভানের লটারি জয়ের যাত্রা শুরু হয়েছিল ১৯৯৭ সালে। সে সময় একটি প্রচারণামূলক ড্রয়ে অংশ নিয়ে তিনি একটি ‘শেভ্রোলেট ব্লেজার’ গাড়ি জিতেছিলেন। এরপর থেকে বিভিন্ন সময়ে তিনি ছোট-বড় বহু পুরস্কার লাভ করেন। কখনো নগদ অর্থ, কখনো আবার দুই লাখ ডলার পর্যন্ত বড় অঙ্কের পুরস্কারও পেয়েছেন তিনি।
বিজ্ঞাপন
স্বাভাবিকভাবেই এতবার লটারি জেতার পেছনে কোনো বিশেষ কৌশল বা গোপন রহস্য আছে কি না, তা জানতে আগ্রহী হয়ে ওঠেন অনেকে। এমনকি লটারি কর্মকর্তারাও এ বিষয়ে তাকে প্রশ্ন করেন। জবাবে বেভান যে কথা বলেছেন, তা ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
হাসিমুখে তিনি বলেন, আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য লটারির অর্থ নয়। বরং একই অসাধারণ নারীর সঙ্গে টানা ৪০ বছর কাটাতে পারাটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।
বেভানের ভাষ্য অনুযায়ী, লটারি তার কাছে কখনো শুধুই অর্থ উপার্জনের বিষয় ছিল না। বরং স্ত্রীকে সঙ্গে নিয়ে টিকিট কেনা, পরে একসঙ্গে ফলাফল দেখার আনন্দই ছিল তাদের সম্পর্কের এক বিশেষ অংশ। বছরের পর বছর ধরে এই ছোট ছোট মুহূর্তগুলোই তাদের জীবনে আলাদা রোমাঞ্চ তৈরি করেছে।
বিজ্ঞাপন
তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। অনেকেই লিখেছেন, বারবার লটারি জেতার চেয়েও দীর্ঘদিন ধরে একজন সঙ্গীর প্রতি ভালোবাসা ও একনিষ্ঠতা ধরে রাখা অনেক বড় অর্জন।
এদিকে আইডাহো লটারি কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের লটারির টিকিট বিক্রি থেকে পাওয়া অর্থ অঙ্গরাজ্যের সরকারি স্কুল ও বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ব্যয় করা হয়।








