রাশিয়ায় নজিরবিহীন ড্রোন হামলা ইউক্রেনের, নিহত ৪

ইউক্রেনের প্রায় ৬০০টি ড্রোন নিয়ে চালানো বড় ধরনের হামলায় রাশিয়ার মস্কো ও বেলগোরোদ অঞ্চলে অন্তত ৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে মস্কো অঞ্চলে ৩ জন এবং বেলগোরোদে ১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
রবিবার (১৮ মে) এ তথ্য নিশ্চিত করে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি জানায়, এটি চলমান সংঘাতে রাশিয়ার ওপর ইউক্রেনের অন্যতম বৃহৎ ড্রোন হামলা হিসেবে বিবেচিত হচ্ছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, রাতভর অভিযান চালিয়ে তারা ৫৫৬টি ড্রোন ভূপাতিত করেছে। ভোরের দিকে আরও ৩০টি ড্রোন নিষ্ক্রিয় করা হয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৪টি অঞ্চলের পাশাপাশি ক্রিমিয়া উপদ্বীপ এবং কৃষ্ণ ও আজভ সাগরের আকাশেও এসব ড্রোন প্রতিহত করা হয়।
বিজ্ঞাপন
সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে মস্কো অঞ্চল ঘিরে। স্থানীয় গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ জানান, একটি ড্রোন আবাসিক বাড়িতে আঘাত করলে এক নারীর মৃত্যু হয়। ধ্বংসস্তূপের নিচে আরও একজন আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। একই হামলায় আরও দুই পুরুষ নিহত এবং চারজন আহত হয়েছেন।
তিনি জানান, রাত ৩টা থেকে রাজধানী ও আশপাশে বড় ধরনের ড্রোন হামলা প্রতিহত করতে কাজ করছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। হামলায় কয়েকটি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
মস্কো শহরের কর্তৃপক্ষ জানায়, রাতে ৮০টির বেশি ড্রোন ভূপাতিত করা হয়। এতে অন্তত ১২ জন আহত হন। মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, ড্রোনের ধ্বংসাবশেষে কিছু স্থানে ক্ষয়ক্ষতি হলেও বড় ধরনের বিপর্যয় ঘটেনি। একটি ঘটনায় তেল ও গ্যাস শোধনাগারের কাছে নির্মাণাধীন এলাকায় শ্রমিকরা আহত হন, তবে উৎপাদন কার্যক্রম বন্ধ হয়নি। তিনটি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিজ্ঞাপন
ইউক্রেন সীমান্তের কাছাকাছি বেলগোরোদ অঞ্চলের শেবেকিনো এলাকায় পৃথক ড্রোন হামলায় একটি লরিতে থাকা এক ব্যক্তি নিহত হন।
অন্যদিকে ইউক্রেনের বিমান বাহিনী দাবি করেছে, রাশিয়া মোট ২৮৭টি ড্রোন নিক্ষেপ করেছিল, যার মধ্যে ২৭৯টি তারা প্রতিহত করেছে।
বিজ্ঞাপন
দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সময়ের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর থেকেই আবারও তীব্র আকারে সংঘর্ষ ও হামলা শুরু হয়েছে বলে জানা গেছে।








