Logo

ভারতের কেরালা রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হলেন ভিডি সতীশন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ মে, ২০২৬, ১৫:১৮
ভারতের কেরালা রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হলেন ভিডি সতীশন
ছবি: সংগৃহীত

ভারতের কেরালা রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কংগ্রেস নেতা ভিডি সতীশন। সোমবার রাজধানী তিরুঅনন্তপুরমের কেন্দ্রীয় স্টেডিয়ামে তিনি এবং তার মন্ত্রিসভার ২০ জন সদস্য শপথ গ্রহণ করেন।

বিজ্ঞাপন

কেরালার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী ও সিপিআই (এম) নেতা পিনারাই বিজয়ন, লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, ওয়ানাডের এমপি প্রিয়াঙ্কা গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

রাজনৈতিক সৌজন্য বজায় রেখে রাজ্য সরকার কেরালা বিজেপি সভাপতি রাজীব চন্দ্রশেখরকেও শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়। নতুন বিরোধী দলনেতাসহ বিভিন্ন রাজনৈতিক নেতারাও অনুষ্ঠানে অংশ নেন।

বিজ্ঞাপন

দশ বছর পর কেরালায় ক্ষমতায় ফিরেছে কংগ্রেস। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ১৪০ আসনের মধ্যে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোট ১০২টি আসনে জয় পায়। সিপিআই (এম)-এর নেতৃত্বাধীন এলডিএফ জোট পায় ৩৫টি আসন।

নির্বাচনের ফল ঘোষণার কয়েক দিন পর গত বৃহস্পতিবার কংগ্রেস আনুষ্ঠানিকভাবে ভিডি সতীশনকে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করে। তিনি টানা ছয়বার বিধানসভা সদস্য নির্বাচিত হয়েছেন এবং আগের মেয়াদে বিরোধী দলনেতার দায়িত্বে ছিলেন।

বিজ্ঞাপন

মুখ্যমন্ত্রী পদে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন কংগ্রেসের কেসি বেণুগোপাল এবং রমেশ চেন্নিতালা। তবে দলীয় মতপার্থক্য ও বিধায়কদের একাংশের সমর্থনের কারণে শেষ পর্যন্ত সতীশনকে বেছে নেওয়া হয়। পরে দিল্লিতে কংগ্রেস নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD