Logo

বিশ্বের গণমাধ্যমে আলোচিত বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ মে, ২০২৬, ১৬:৩৬
বিশ্বের গণমাধ্যমে আলোচিত বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম অনুসারে বাংলাদেশে একটি মহিষের নাম রাখা হয়েছিল। আর সেই নামকরণ ঘিরেই মহিষটি এখন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে বিভিন্ন দেশের সংবাদমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

বিজ্ঞাপন

বিশেষ করে ভারত ও পাকিস্তানে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এই মহিষ নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। শুধু দক্ষিণ এশিয়াই নয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, থাইল্যান্ড ও জর্ডানের সংবাদমাধ্যমেও জায়গা করে নিয়েছে আলোচিত এই মহিষের গল্প।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট তাদের প্রতিবেদনের শিরোনামে লিখেছে, “বাংলাদেশে ট্রাম্প ও নেতানিয়াহু নামের মহিষ দেখতে মানুষের ভিড়।” অন্যদিকে থাইল্যান্ডের ব্যাংকক পোস্ট লিখেছে, “বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্প নামের মহিষ ভাইরাল।”

বিজ্ঞাপন

জর্ডানের রয়া নিউজও বিষয়টি নিয়ে আলাদা প্রতিবেদন প্রকাশ করেছে। তাদের শিরোনামে বলা হয়েছে, “বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্প নামের মহিষ সবার নজর কেড়েছে।”

ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়াও এই মহিষ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। তারা লিখেছে, “ঈদ সামনে রেখে বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্প নামের মহিষ ইন্টারনেটে আলোড়ন তুলেছে।”

এছাড়া যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এমএসএন তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, “বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুর মতো দেখতে মহিষ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে।”

বিজ্ঞাপন

আলোচিত এই মহিষটির ওজন প্রায় ৭০০ কেজি। এটি এলবিনো জাতের হওয়ায় এর গায়ের রং ও চেহারায় আলাদা আকর্ষণ রয়েছে। তবে শুধু আকার নয়, মহিষটির মাথার সামনের লম্বা লালচে-সোনালি চুলই মূলত মানুষের নজর কেড়েছে। অনেকের মতে, সেই চুলের ধরন অনেকটাই ডোনাল্ড ট্রাম্পের পরিচিত হেয়ারস্টাইলের সঙ্গে মিল রয়েছে। আর সেই কারণেই খামার কর্তৃপক্ষ মজা করে এর নাম রাখে ‘ডোনাল্ড ট্রাম্প’।

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকায় অবস্থিত রাবেয়া অ্যাগ্রো ফার্মে মহিষটি রয়েছে। মহিষটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রতিদিনই অনেক মানুষ সেটিকে এক নজর দেখতে সেখানে ভিড় করছেন। স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকেও দর্শনার্থীরা খামারে আসছেন শুধুমাত্র ভাইরাল এই মহিষটিকে দেখতে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD