নাইজেরিয়ায় যৌথ অভিযানে ১৭৫ আইএস সদস্য নিহত

যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার যৌথ বিমান ও স্থল অভিযানে নাইজেরিয়ায় আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) অন্তত ১৭৫ জন সদস্য নিহত হয়েছে। নাইজেরিয়ার প্রতিরক্ষা বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার এক বিবৃতিতে নাইজেরিয়ার সামরিক মুখপাত্র মেজর জেনারেল সামাইলা উবা জানান, ১৬ মে থেকে ১৯ মে পর্যন্ত তিন দিনের ধারাবাহিক অভিযানে এসব আইএস সদস্য নিহত হয়। অভিযানে গোষ্ঠীটির একাধিক অবস্থান ধ্বংস করা হয়েছে, যার মধ্যে রয়েছে চেকপোস্ট, অস্ত্রভান্ডার এবং লজিস্টিক কেন্দ্র।
আইএস ২০১৮-১৯ সালের দিকে মধ্যপ্রাচ্যে অবস্থান দুর্বল হওয়ার পর আফ্রিকায় শক্ত অবস্থান গড়ে তোলে। বর্তমানে তারা “ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি)” নামে এই অঞ্চলে সক্রিয়। বিভিন্ন পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম তিন মাসে আইএসের বৈশ্বিক তৎপরতার বড় অংশই আফ্রিকায় ঘটেছে।
বিজ্ঞাপন
নাইজেরিয়াকে আইএস ও সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর অন্যতম প্রধান ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়। দেশটিতে আইএস ছাড়াও আল-কায়দা এবং বোকো হারামপন্থি বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সক্রিয়তা রয়েছে। এসব গোষ্ঠী হত্যা, অপহরণ, লুটপাট ও মুক্তিপণ আদায়ের মতো অপরাধে জড়িত বলে অভিযোগ রয়েছে।
চলতি বছর পরিস্থিতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের সহায়তা চায় নাইজেরিয়া। এর পরিপ্রেক্ষিতে মার্কিন প্রশাসন দেশটিতে প্রায় ১০০ জন সামরিক প্রশিক্ষক পাঠায়, যারা নাইজেরীয় সেনাদের প্রশিক্ষণ দিচ্ছেন এবং যৌথ অভিযানে অংশ নিচ্ছেন।
বিজ্ঞাপন
অভিযানের প্রথম দিনেই আইএসের বৈশ্বিক পর্যায়ের দ্বিতীয় শীর্ষ নেতা আবু বিলাল আল-মিনুকি নিহত হন বলে জানানো হয়েছে। পরবর্তী দিনগুলোতে নিহতদের মধ্যে আইএসডব্লিউএপি শাখার শীর্ষ নেতা আবদুল ওয়াহাব, আবু মুসা আল-মাঙ্গাউই এবং আল-মিনুকির ঘনিষ্ঠ সহযোগী আবু আল-মুথান্না আল-মুহাজিরও রয়েছেন।
নাইজেরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, সন্ত্রাসী গোষ্ঠীগুলো পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








