মেলোনির জন্য চকলেট নিয়ে গেছেন মোদী, ভিডিও ভাইরাল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইতালি সফরে বিশেষ আলোচনায় উঠে এসেছে একটি ছোট্ট উপহার। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির জন্য ভারত থেকে জনপ্রিয় ‘মেলোডি’ টফির একটি প্যাকেট নিয়ে গেছেন মোদী। মূলত ‘মেলোডি’ শব্দকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ট্রেন্ডের ইঙ্গিত হিসেবেই এই উপহার দেওয়া হয়েছে। মোদী ও মেলোনির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই অনলাইনে নানা আলোচনা ও মিম ছড়িয়ে পড়েছে।
বিজ্ঞাপন
মেলোনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে উপহারের জন্য মোদীকে ধন্যবাদ জানান। ভিডিওতে দেখা যায়, দুই নেতা হাসিমুখে হাতে ধরে আছেন জনপ্রিয় ভারতীয় এই চকলেট টফির প্যাকেট। ‘ভেরি, ভেরি চকোলেটি’ স্লোগানের কারণে টফিটি ভারতে বেশ পরিচিত।
ভিডিওতে মেলোনিকে বলতে শোনা যায়, প্রধানমন্ত্রী মোদী তাকে খুবই ভালো একটি টফি উপহার দিয়েছেন। এরপর মোদী হেসে বলেন, ‘মেলোডি’।
বিজ্ঞাপন
এই ‘মেলোডি’ শব্দটি মূলত মেলোনি ও মোদীর নাম মিলিয়ে তৈরি হওয়া একটি ভাইরাল শব্দ। সামাজিক যোগাযোগমাধ্যমে দুই নেতার আন্তরিক মুহূর্ত নিয়ে তৈরি ভিডিও, মিম ও বিভিন্ন পোস্ট কোটি কোটি মানুষের নজর কাড়ে। বিশেষ করে তাদের বন্ধুত্বপূর্ণ আচরণ অনলাইনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

২০২৫ সালের জুনে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে মোদীর সঙ্গে একটি সেলফি ভিডিও পোস্ট করে মেলোনি লিখেছিলেন, ‘হ্যালো, মেলোডি টিম থেকে’। এরপর আন্তর্জাতিক বিভিন্ন অনুষ্ঠানে তাদের আরও কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশিত হয়। এসব দৃশ্য দুই নেতার ব্যক্তিগত বন্ধুত্ব নিয়ে নতুন করে আলোচনা তৈরি করে।
তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, মোদী ও মেলোনির এই সম্পর্ক শুধু সামাজিক যোগাযোগমাধ্যমের ভাইরাল মুহূর্তেই সীমাবদ্ধ নয়। এর পেছনে রয়েছে ভারত ও ইতালির গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক।
বিজ্ঞাপন
বর্তমানে ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশ্বিক অংশীদার হিসেবে বিবেচিত হচ্ছে। দুই দেশ ইন্ডিয়া-মিডল ইস্ট-ইউরোপ ইকোনমিক করিডর (আইএমইসি) প্রকল্প নিয়েও কাজ করছে। এই প্রকল্পের মাধ্যমে ইউরোপ ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সংযোগে ইতালিকে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
ভারত ও ইতালির দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ইতোমধ্যে ১৬ দশমিক ৭৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। অর্থনীতি, প্রযুক্তি, প্রতিরক্ষা, মহাকাশ, পরিচ্ছন্ন জ্বালানি, অটোমোবাইল, ওষুধশিল্প, বস্ত্র, কৃষি ও পর্যটনসহ নানা খাতে দুই দেশের সহযোগিতা দিন দিন আরও বিস্তৃত হচ্ছে।
এক যৌথ নিবন্ধে মোদী ও মেলোনি উল্লেখ করেন, ভারত ও ইতালির সম্পর্ক বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক পর্যায়ে পৌঁছেছে। তারা বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সম্পর্ক অভূতপূর্ব গতিতে এগিয়েছে এবং সাধারণ বন্ধুত্ব থেকে তা বিশেষ কৌশলগত অংশীদারত্বে পরিণত হয়েছে।
বিজ্ঞাপন

দুই নেতা আরও জানান, ২০২৯ সালের মধ্যে ভারত-ইতালি বাণিজ্যের পরিমাণ ২০ বিলিয়ন ইউরোর বেশি করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি দুই দেশ যৌথ কৌশলগত কর্মপরিকল্পনা ২০২৫-২০২৯ বাস্তবায়নেও কাজ চালিয়ে যাচ্ছে।
পাঁচ দেশ সফরের শেষ ধাপে মঙ্গলবার রোমে পৌঁছান নরেন্দ্র মোদী। সেখানে তিনি জর্জিয়া মেলোনির সঙ্গে নৈশভোজে অংশ নেন। পরে তারা ঐতিহাসিক কলোসিয়াম ঘুরে দেখেন এবং বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করেন।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদী লিখেছেন, রোমে পৌঁছে প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে নৈশভোজ ও ঐতিহাসিক কলোসিয়াম পরিদর্শনের সুযোগ হয়েছে। পাশাপাশি নানা বিষয় নিয়ে তাদের মধ্যে মতবিনিময় হয়েছে বলেও জানান তিনি।
মোদীর চলমান পাঁচ দেশ সফরের মধ্যে ইতালি সফরকে সবচেয়ে আলোচিত অংশ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে দুই নেতার প্রকাশ করা ছবি ও ভিডিও শুধু ব্যক্তিগত বন্ধুত্বই নয়, ভারত-ইতালি সম্পর্কের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতাও সামনে তুলে ধরেছে।
সূত্র: এনডিটিভি








