Logo

দুই পা ছাড়াই এভারেস্ট জয়, রুশ অভিযাত্রীর বিশ্বরেকর্ড

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২২ মে, ২০২৬, ১৮:০২
দুই পা ছাড়াই এভারেস্ট জয়, রুশ অভিযাত্রীর বিশ্বরেকর্ড
ছবি: সংগৃহীত

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে নতুন ইতিহাস গড়েছেন রাশিয়ার পর্বতারোহী রুস্তাম নাবিয়েভ। দুই পা হারানোর পরও কৃত্রিম পা ছাড়াই শুধুমাত্র হাতের সাহায্যে এভারেস্টের চূড়ায় পৌঁছে বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। শুক্রবার (২২ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালে দুর্ঘটনায় দুই পা হারানো সাবেক রুশ প্যারাট্রুপার রুস্তাম নাবিয়েভ নেপালে চলমান বসন্তকালীন অভিযানে অংশ নিয়ে বুধবার (২০ মে) এভারেস্ট জয় করেন। পা-বিহীন ব্যক্তি হিসেবে এটিই প্রথম এভারেস্ট জয়ের ঘটনা।

ঐতিহাসিক এ সাফল্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এভারেস্টের চূড়ায় তোলা নিজের ছবি প্রকাশ করেন নাবিয়েভ। সেখানে একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, “যারা ভেবেছিল পতনের পর জীবন শেষ—এটি তাদের জন্য।”

বিজ্ঞাপন

নাবিয়েভ জানান, নেপালের স্থানীয় সময় সকাল ৮টা ১৬ মিনিটে তিনি শৃঙ্গে পৌঁছান। নিজের এই অর্জন তিনি সমর্থক ও অনুসারীদের উৎসর্গ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি লেখেন, “পর্বতারোহণের ইতিহাসে প্রথমবারের মতো আমি শুধু দুই হাতের সাহায্যে এভারেস্টের চূড়ায় পৌঁছেছি। যতক্ষণ বেঁচে আছেন, লড়াই চালিয়ে যান।”

এভারেস্ট বেস ক্যাম্পের মাঠ সমন্বয়কারী খিম লাল গৌতমও নাবিয়েভের এ সাফল্যের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযান শেষে বর্তমানে বেস ক্যাম্পে ফিরছেন এই রুশ পর্বতারোহী।

বিজ্ঞাপন

২০১৫ সালে একটি সামরিক ব্যারাক ভবন ধসে দুই পা হারান রুস্তাম নাবিয়েভ। তবে সেই দুর্ঘটনার পর হতাশ না হয়ে নিজের জীবনসংগ্রামকে পর্বতারোহণের অনুপ্রেরণায় রূপ দেন তিনি।

তার এই সাফল্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার ঢল নেমেছে। অনেকে তাকে সাহস, ধৈর্য ও অদম্য মানসিকতার প্রতীক হিসেবে অভিহিত করছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD