চীনের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৮

চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত ৮ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩৮ জন শ্রমিক খনির মাটির নিচে আটকা পড়েছেন। তাদের উদ্ধার করতে তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
বিজ্ঞাপন
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, শানসি প্রদেশের চাংঝি শহরের লিউশেনিউ কয়লা খনিতে গত শুক্রবার (২২ মে) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার সময় খনিতে অন্তত ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন।
বিজ্ঞাপন
সিনহুয়া জানিয়েছে, দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন দ্রুত উদ্ধারকাজ শুরু করে। শনিবার (২৩ মে) সকাল ৬টার মধ্যে খনির ভেতর থেকে ২০০ জন শ্রমিককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনো ৩৮ জন শ্রমিক মাটির নিচে আটকা আছেন। তাদের জীবিত উদ্ধার করতে উদ্ধারকর্মীরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।
ভয়াবহ এই খনি দুর্ঘটনার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের পাশাপাশি এই ঘটনায় দায়ীদের চিহ্নিত করে দ্রুত জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিজ্ঞাপন
শানসি প্রদেশ চীনের প্রধান কয়লা খনির অঞ্চল হিসেবে পরিচিত। আয়তনের দিক থেকে ইউরোপের দেশ গ্রীসের চেয়েও বড় এই প্রদেশে প্রায় ৩ কোটি ৪০ লাখ মানুষের বসবাস। গত বছরও এই প্রদেশটি থেকে ১ দশমিক ৩ বিলিয়ন টন কয়লা উত্তোলন করা হয়েছে, যা চীনের মোট কয়লা উৎপাদনের প্রায় এক-তৃতী্যাংশ।
তবে দীর্ঘদিন ধরে শানসি প্রদেশের খনি শিল্পের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল থাকার অভিযোগ আছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং শ্রমিক সংগঠনের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে এই প্রদেশের কয়লা খনিতে হাজার হাজার ছোট-বড় দুর্ঘটনা ঘটেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, খনি মালিকদের লভ্যাংশ বাড়ানোর প্রতিযোগিতা এবং নিরাপত্তা বিধি উপেক্ষা করাই এই ধরনের প্রাণঘাতী দুর্ঘটনার মূল কারণ।








