বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’কে নিয়ে ট্রাম্পকে খোঁচা দিল ইরান

নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মে লালন-পালন করা অ্যালবিনো (ধবল) জাতের একটি মহিষ এখন আন্তর্জাতিক সংবাদমাধ্যমেরও নজরে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চেহারার মিল থাকায় রসিকতা করে মহিষটির নাম রাখা হয়েছিল ‘ডোনাল্ড ট্রাম্প’। ৭০০ কেজি ওজনের এই মহিষটির সোনালি চুল ও মুখের গড়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে, যা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে।
বিজ্ঞাপন
বিষয়টি এবার নজর কেড়েছে ইরানেরও। রাশিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস তাদের আনুষ্ঠানিক এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে মহিষটির একটি ভিডিও শেয়ার করেছে। পোস্টে লেখা হয়েছে, “বেচারা! ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনায় মন খারাপ হয়ে গেছে বাংলাদেশি মহিষটির।”
আরও পড়ুন: চীনের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৮
ইরানি দূতাবাস তাদের ওই পোস্টে রুশ সংবাদমাধ্যম আরটির একটি প্রতিবেদনও যুক্ত করে দিয়েছে। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করার পর থেকে মহিষটি নাকি খাওয়া-দাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছে।
বিজ্ঞাপন
এদিকে এই অদ্ভুতদর্শন মহিষটি দেখতে প্রতিদিন নারায়ণগঞ্জের ওই খামারে ভিড় করছেন অসংখ্য দর্শনার্থী। দূর-দূরান্ত থেকে মানুষ এসে মহিষটির সঙ্গে ছবি ও ভিডিও তুলছেন।
খামারের মালিক জিয়াউদ্দিন মৃধা সংবাদমাধ্যমকে বলেন, “আমার ছোট ভাই মহিষটির মাথার সোনালি চুল দেখে রসিকতা করে নামটি দিয়েছিল। নাম যা-ই হোক, মহিষটি খুব শান্ত স্বভাবের। অ্যালবিনো জাতের সাধারণ মহিষ শান্তই থাকে, নিজে থেকে উত্তেজিত না হলে সহজে রাগ করে না।”
বিজ্ঞাপন
খামার কর্তৃপক্ষ জানায়, ঈদুল আজহা সামনে রেখে মহিষটির ব্যাপক চাহিদা তৈরি হয়েছে।








