ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৪

ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় অন্তত চারজন নিহত এবং আরও ৮৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বিজ্ঞাপন
রবিবার ভোররাত থেকে রাজধানী কিয়েভসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। হামলায় আবাসিক ভবন, স্কুল এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেনের বেসামরিক অবকাঠামোয় হামলার জবাব হিসেবে তারা এই অভিযান চালিয়েছে। মস্কোর দাবি, হামলায় ‘ওরেশনিক’ নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেন, ইউক্রেন শুক্রবার স্টারোবিলস্ক শহরের একটি ছাত্রাবাসে হামলা চালিয়েছে, যেখানে ২১ জন নিহত হয়। তবে ইউক্রেনের সেনাবাহিনীর দাবি, তারা রুশ সামরিক ইউনিটকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল।
হামলার আগে প্রেসিডেন্ট জেলেনস্কি সতর্ক করে বলেছিলেন, রাশিয়া বড় ধরনের আক্রমণের প্রস্তুতি নিচ্ছে এবং ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে। এই ক্ষেপণাস্ত্র শব্দের গতির ১০ গুণের বেশি বেগে চলতে সক্ষম এবং এতে পারমাণবিক ও প্রচলিত—দুই ধরনের ওয়ারহেড বহনের সক্ষমতা রয়েছে বলে জানা গেছে।
জেলেনস্কির দাবি, কিয়েভ অঞ্চলের বিল্যা তসেরকভা শহরে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। যদিও পরে ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয় জানায়, ঠিক কোন ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বিজ্ঞাপন
ইউক্রেনের বিমান বাহিনীর তথ্যমতে, শনিবার সন্ধ্যা থেকে রাশিয়া ৯০টি ক্ষেপণাস্ত্র ও ৬০০ ড্রোন ছুড়েছে। এর মধ্যে ৫৫টি ক্ষেপণাস্ত্র এবং ৫৪৯টি ড্রোন প্রতিহত বা ভূপাতিত করা হয়েছে।
ইউক্রেনের জাতীয় পুলিশ জানিয়েছে, হামলায় কিয়েভের ৫০টির বেশি স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে। এতে আবাসিক ভবন, শপিং সেন্টার ও জরুরি সেবা সংস্থার বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিজ্ঞাপন
সূত্র: বিবিসি








