Logo

ঈদের আগে ভয়াবহ বোমা হামলায় উড়ে গেল ট্রেন, নিহত ২৪

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ মে, ২০২৬, ১৫:৪০
ঈদের আগে ভয়াবহ বোমা হামলায় উড়ে গেল ট্রেন, নিহত ২৪
ছবি: সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে যাত্রীবাহী একটি ট্রেনে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে। বিস্ফোরণে ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ২৪ জন নিহত এবং আরও ৮২ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

রবিবার (২৪ মে) সকালে কোয়েটার চামান ফটকের কাছে এ ঘটনা ঘটে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া পুলিশ সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জাফর এক্সপ্রেস নামের ওই শাটল ট্রেনটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পরিবহন করছিল। ঈদের ছুটিতে বাড়ি ফেরার উদ্দেশ্যে এটি কোয়েটা ক্যান্টনমেন্ট থেকে যাত্রা শুরু করে। স্থানীয় সময় সকাল ৮টা ৫ মিনিটের দিকে চামান ফটকের কাছে পৌঁছালে ট্রেনটিকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়।

বিজ্ঞাপন

বিস্ফোরণের তীব্রতায় ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয় এবং দুটি বগিতে আগুন ধরে উল্টে যায়। এ সময় ট্রেনের আশপাশে থাকা কয়েকটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়। হতাহতদের মধ্যে সাধারণ নারী ও শিশু রয়েছে বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে, যার মধ্যে ৫৭ জনকে একটি সামরিক হাসপাতালে এবং ২৫ জনকে কোয়েটার সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি) রেলওয়ে কর্তৃপক্ষের বরাতে জানায়, ঘটনার পরপরই উদ্ধার তৎপরতায় সহায়তার জন্য ঘটনাস্থলে বিশেষ উদ্ধারকারী যান ও একটি ত্রাণ ট্রেন পাঠানো হয়। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখে উদ্ধার অভিযান চালাচ্ছে।

বিজ্ঞাপন

প্রাথমিক তদন্তের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধারণা করছে, প্রায় ৭০ কেজির বেশি বিস্ফোরকভর্তি একটি আত্মঘাতী গাড়িবোমা ব্যবহার করে এই হামলা চালানো হতে পারে। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এবং এর পেছনে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD