যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি বাড়াতে নতুন চুক্তি, ট্রাম্পের অনুমোদনের অপেক্ষা

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়াতে নতুন একটি চুক্তিতে নীতিগতভাবে সম্মত হয়েছেন দুই দেশের কর্মকর্তারা। এখন শুধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের অপেক্ষা।
বিজ্ঞাপন
যুদ্ধবিরতি সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, চুক্তিটি কার্যকর হলে যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়বে। পাশাপাশি আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর থাকা নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হবে। এতে বিশ্ব বাণিজ্যে গুরুত্বপূর্ণ এ রুটে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
সূত্রগুলো জানায়, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত স্থানান্তর এবং দেশটির পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি করতেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বিশ্লেষকদের মতে, প্রস্তাবিত এ চুক্তি অনুমোদিত হলে তা হবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনে সবচেয়ে বড় কূটনৈতিক অগ্রগতি।
ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে দীর্ঘদিনের উত্তেজনার জেরে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার মধ্য দিয়ে দুই দেশের সাম্প্রতিক সংঘাত শুরু হয়। প্রায় ৪০ দিন ধরে সংঘাত চলার পর গত ৭ এপ্রিল যুদ্ধবিরতির ঘোষণা দেন ট্রাম্প। এরপর থেকে সেই যুদ্ধবিরতিই কার্যকর রয়েছে।
বিজ্ঞাপন
এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সও বৃহস্পতিবার ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন, আমরা এখনও চূড়ান্ত অবস্থানে পৌঁছাইনি, তবে খুব কাছাকাছি আছি।
তিনি আরও বলেন, এই মুহূর্তে কোনো নিশ্চয়তা দিতে পারছি না, তবে আলোচনার বর্তমান অগ্রগতিতে আমি সন্তুষ্ট।
উল্লেখ্য, হরমুজ প্রণালিতে মার্কিন পতাকাবাহী একটি তেলবাহী জাহাজকে কেন্দ্র করে সাম্প্রতিক হামলা-পাল্টা হামলার ঘটনার পরই নতুন এ চুক্তির খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ পায়।








