Logo

২০২৬ সালে রেকর্ডসংখ্যক সফল পর্বতারোহী দেখল এভারেস্ট

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৯ মে, ২০২৬, ১৬:৩৬
২০২৬ সালে রেকর্ডসংখ্যক সফল পর্বতারোহী দেখল এভারেস্ট
ছবি: সংগৃহীত

চলতি ২০২৬ সালে বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টে নতুন ইতিহাস তৈরি হয়েছে। নেপালের পর্যটন বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর রেকর্ড ১ হাজার ৮ জন পর্বতারোহী সফলভাবে শৃঙ্গ জয় করেছেন—যা এক বছরে এভারেস্টে সর্বোচ্চ সফল আরোহনের নতুন রেকর্ড।

বিজ্ঞাপন

নেপালের জাতীয় দৈনিক কাঠমান্ডু পোস্টে প্রতিবেদনে বলা হয়, এর আগে কোনো এক বছরে এত সংখ্যক সফল আরোহীর নজির ছিল না। পর্যটন বিশেষজ্ঞরা এটিকে পর্বতারোহণ ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন।

বিশ্বের ২৯ হাজার ৩২ ফুট উচ্চতার এই পর্বত নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে বিস্তৃত হলেও অধিকাংশ পর্বতারোহী নেপাল রুট ব্যবহার করেন।

বিজ্ঞাপন

ঐতিহাসিকভাবে ১৯৫৩ সালে প্রথম সফলভাবে এভারেস্ট জয় করেন নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি এবং নেপালের তেনজিং নোরগে। সেই অভিযানের পর থেকেই বিশ্বজুড়ে এভারেস্টে আরোহনের আগ্রহ বাড়তে থাকে।

নেপালের নিয়ম অনুযায়ী, পর্বতারোহীদের সঙ্গে স্থানীয় গাইড থাকা বাধ্যতামূলক। বিশেষজ্ঞদের মতে, এপ্রিল ও মে মাসে তুলনামূলক অনুকূল আবহাওয়ার কারণে এই সময়টিতেই আরোহন অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞাপন

পর্যটন বিভাগের মহাপরিচালক রামকৃষ্ণ লামিচানে জানান, এর আগে সর্বোচ্চ সফল আরোহনের রেকর্ড ছিল ২০১৯ সালে, যখন ৮৭২ জন পর্বতারোহী শৃঙ্গ জয় করেছিলেন।

বিশ্লেষকদের মতে, আধুনিক প্রযুক্তি, আবহাওয়ার উন্নত পূর্বাভাস ব্যবস্থা এবং গাইড সেবার উন্নতির কারণে এভারেস্ট অভিযানে সফলতার হার আগের তুলনায় অনেক বেড়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD