লেবানন-সিরিয়া ও গাজা থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল

লেবানন, সিরিয়া ও গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে লেবাননসহ মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা আসার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি এ অবস্থান জানান।
বিজ্ঞাপন
সোমবার দেওয়া এক বিবৃতিতে কাৎজ বলেন, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তিনি একটি স্পষ্ট নীতি অনুসরণ করছেন, যার লক্ষ্য হলো সীমান্তবর্তী এলাকা ও ইসরায়েলি বসতিগুলোকে সশস্ত্র গোষ্ঠীর হাত থেকে রক্ষা করা। এই নীতির অংশ হিসেবে আইডিএফ লেবানন, সিরিয়া ও গাজার নিরাপত্তা অঞ্চলগুলোতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবে।
তিনি আরও দাবি করেন, এসব এলাকায় স্থানীয় জনসংখ্যা সরিয়ে দেওয়া হবে এবং ভূমির ওপর ও নিচে থাকা সব ধরনের “সন্ত্রাসী অবকাঠামো” ধ্বংস করা হবে। এর মধ্যে সীমান্তবর্তী গ্রামগুলোতে থাকা এমন বাড়িঘরও রয়েছে, যেগুলোকে সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটি হিসেবে ব্যবহারের অভিযোগ রয়েছে।
বিজ্ঞাপন
কাৎজ বলেন, নিরাপত্তা অঞ্চলগুলো দখলে রাখা ইসরায়েলি সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ অর্জন। তাই বিদ্যমান ও ভবিষ্যতের যেকোনো চাপ সত্ত্বেও লেবানন থেকে সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই।
তিনি আরও জানান, এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।
একই সঙ্গে ইরানকে সতর্ক করে তিনি বলেন, লেবাননে ইসরায়েলের বিরুদ্ধে কোনো হামলা হলে তার জবাব “পূর্ণ শক্তি” দিয়ে দেওয়া হবে। তার ভাষায়, ইসরায়েলের নিরাপত্তা ও নাগরিকদের সুরক্ষার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না।
বিজ্ঞাপন
এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির অগ্রগতির খবর আসার মধ্যেই এই কঠোর অবস্থান প্রকাশ্যে আসে, যা আঞ্চলিক উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে।








