সড়ক দুর্ঘটনায় রক্তাক্ত দম্পতি, উদ্ধারের বদলে আম লুটে ব্যস্ত জনতা

ভারতের বিহার রাজ্যের মুজাফফরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর এক মর্মান্তিক ও নিন্দনীয় ঘটনার জন্ম দিয়েছে স্থানীয় জনতার আচরণ। দুর্ঘটনায় গুরুতর আহত এক দম্পতি রাস্তার পাশে পড়ে ছটফট করলেও তাদের উদ্ধার না করে সেখানে উপস্থিত মানুষজন আম লুটে ব্যস্ত হয়ে পড়ে।
বিজ্ঞাপন
রবিবার (১৫ জুন) ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, জাতীয় মহাসড়ক-২৭-এ নিয়ন্ত্রণ হারিয়ে একটি আমবোঝাই ট্রাক উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ৪০ বছর বয়সী অজয় পাসোয়ান ও তার স্ত্রী সান্তারা দেবী গুরুতর আহত হন। স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, তারা পশ্চিমবঙ্গ থেকে আম নিয়ে মুজাফফরপুরের দিকে যাচ্ছিলেন। পথে গাড়িটি উল্টে গেলে দুজনেই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানান, আহত অবস্থায় দম্পতি দীর্ঘ সময় রাস্তায় পড়ে থাকলেও সেখানে জড়ো হওয়া মানুষজনের কেউ তাদের উদ্ধারে এগিয়ে আসেননি। বরং রাস্তার ওপর ছড়িয়ে থাকা আম কুড়িয়ে নেওয়ায় ব্যস্ত হয়ে পড়েন অনেকে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় অজয় পাসোয়ানের মৃত্যু হয়। তার স্ত্রী সান্তারা দেবী এখনো আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞাপন
স্থানীয় জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা রাকেশ কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। একই সঙ্গে আম লুটের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
সূত্র: ইন্ডিয়া টুডে








