নতুন করে লেবাননে হামলা, ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিল ইরান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও শান্তি চুক্তি নিয়ে আলোচনা চলমান থাকলেও লেবাননে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণাঞ্চলে একাধিক হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনার পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, একই সঙ্গে ইসরায়েলকে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইরান।
বিজ্ঞাপন
সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে জানা যায়, মঙ্গলবার (১৬ জুন) লেবাননের দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়েহ এলাকায় দুটি গাড়িকে লক্ষ্য করে পৃথক হামলা চালানো হয়। একই সময়ে শৌকিন গ্রামেও আরেকটি গাড়িতে হামলার ঘটনা ঘটে। এসব হামলায় অন্তত চারজন নিহত হওয়ার তথ্য দিয়েছে লেবাননের জাতীয় সংবাদ সংস্থা।
ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, কোনো যুদ্ধবিরতি বা সমঝোতা হলে তার অংশ হিসেবে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে। এ প্রসঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও বলেছেন, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার কাঠামোতে লেবাননসহ সব ফ্রন্টে সামরিক অভিযান বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
বিজ্ঞাপন
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলের দখলদারিত্ব অব্যাহত থাকলে তা চুক্তির লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। তার ভাষায়, দখলকৃত এলাকা থেকে সেনা প্রত্যাহার না হলে যুদ্ধের পূর্ণ সমাপ্তি বলা যাবে না।
অন্যদিকে ইরানের শীর্ষ সামরিক কমান্ডও সতর্ক করে জানিয়েছে, লেবাননে হামলা অব্যাহত থাকলে ইসরায়েলকে কঠোর জবাব দেওয়া হবে।
তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের অবস্থান অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
এদিকে স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, যুদ্ধবিরতির আলোচনা চললেও বাস্তবে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অনেকেই আশঙ্কা করছেন, পরিস্থিতি দ্রুতই বড় আকারের সংঘাতে রূপ নিতে পারে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২ মার্চ থেকে নতুন করে সংঘর্ষ শুরুর পর দেশটিতে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩ হাজার ৮২৬ জন নিহত এবং ১১ হাজার ৮৫১ জন আহত হয়েছেন।
বিজ্ঞাপন
সূত্র: আল জাজিরা








