Logo

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে যোশিতা রাজাপাকসে গ্রেফতার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুন, ২০২৬, ১৫:৩২
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে যোশিতা রাজাপাকসে গ্রেফতার
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ছেলে যোশিতা রাজাপাকসেকে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন। চলমান একটি দুর্নীতি তদন্তের অংশ হিসেবে বুধবার (১৭ জুন) সকালে তাকে হেফাজতে নেওয়া হয়।

বিজ্ঞাপন

দুর্নীতি ও ঘুষসংক্রান্ত অভিযোগ তদন্তকারী কমিশন (CIABOC) জিজ্ঞাসাবাদের জন্য যোশিতাকে আগে তলব করেছিল। মঙ্গলবার তাকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও একটি আদালত-সংক্রান্ত মামলার অজুহাতে তিনি উপস্থিত হননি। পরবর্তীতে বুধবার সকালে কমিশনে হাজির হলে তাকে গ্রেফতার করা হয়।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, নৌবাহিনীতে নিয়োগ এবং সরকারি অর্থে বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ রয়েছে যোশিতার বিরুদ্ধে।

বিজ্ঞাপন

অভিযোগ অনুযায়ী, শ্রীলঙ্কান নৌবাহিনীতে ক্যাডেট অফিসার হিসেবে যোগ দিতে বিজ্ঞান বা গণিত বিভাগ থেকে ‘অ্যাডভান্সড লেভেল’ পাস বাধ্যতামূলক ছিল। তবে যোশিতা মানবিক বিভাগ থেকে পড়াশোনা করায় তার যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। পরবর্তীতে তাকে সুবিধা দিতে নিয়োগের শর্ত ও বিজ্ঞপ্তি পরিবর্তন করা হয় বলে তদন্তে উঠে এসেছে। একইভাবে ২০০৬ সালে অনুষ্ঠিত নিয়োগ প্রক্রিয়ায় তার ‘অর্ডিনারি লেভেল’ (মাধ্যমিক সমমান) নিয়েও বিতর্ক তৈরি হয় এবং পরে নিয়ম সংশোধনের তথ্য পাওয়া যায়।

এছাড়া ২০০৬ সালের সেপ্টেম্বরে তৎকালীন নৌবাহিনী প্রধান বসন্ত কারান্নাগোদা যুক্তরাজ্যের ‘রয়্যাল নেভাল একাডেমি’তে যোশিতার ভর্তির বিষয়ে চিঠি দেন। ওই একাডেমি জানায়, সেখানে কোনো পূর্ণাঙ্গ স্কলারশিপ নেই এবং পুরো খরচ বহন করতে হবে। এরপরও ২০০৭ সালের জানুয়ারিতে তাকে যুক্তরাজ্যে পাঠানো হয়। সেখানে দেড় বছরের বেশি সময় তিনি শ্রীলঙ্কা সরকারের ব্যয়ে নৌবাহিনীর বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন।

বিজ্ঞাপন

রাষ্ট্রীয় অর্থ অপচয়, ক্ষমতার অপব্যবহার এবং নৌবাহিনীর নিয়ম লঙ্ঘনের অভিযোগে চলমান এই মামলার অংশ হিসেবেই তাকে জিজ্ঞাসাবাদ ও পরে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: নিউজ ফার্স্ট, রয়টার্স

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD