আর্জেন্টিনাকে ২০০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

আর্থিক সংকটে থাকা আর্জেন্টিনাকে ২০০ কোটি ডলারের ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বের বৃহত্তম ঋণদাতা সংস্থা বিশ্বব্যাংক। ‘গ্যারান্টি-ব্যাকড ফিন্যান্সিং’ নামের বিশেষ প্যাকেজের আওতায় এই ঋণ দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
এই ব্যবস্থায় ঋণগ্রহীতা নির্ধারিত সময়ে কিস্তি পরিশোধে ব্যর্থ হলে অন্য একটি প্রতিষ্ঠান তার হয়ে অর্থ পরিশোধ করবে। গত মঙ্গলবার আর্জেন্টিনা সরকারের জন্য এই ঋণ ছাড়ের অনুমোদন দেয় বিশ্বব্যাংক।
ঋণটি দেওয়া হয়েছে দুটি প্রতিষ্ঠানের গ্যারান্টির ভিত্তিতে। এগুলো হলো ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট এবং মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি।
বিজ্ঞাপন
বিশ্বব্যাংকের এই বাণিজ্যিক ঋণের মেয়াদ নির্ধারণ করা হয়েছে ৬ বছর। এর সঙ্গে অতিরিক্ত ৩ বছরের গ্রেস পিরিয়ড রাখা হয়েছে। অর্থাৎ নির্ধারিত ৬ বছরের মধ্যে ঋণ পরিশোধ সম্ভব না হলে আরও ৩ বছর সময় পাবে আর্জেন্টিনা।
প্রসঙ্গত, ডলার সংকটে ভুগতে থাকা আর্জেন্টিনায় করোনা মহামারির পর থেকে মূল্যস্ফীতি দ্রুত বেড়েছে। ২০২৪ সালে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো মূল্যস্ফীতি ১০০ শতাংশ ছাড়িয়ে যায়। এতে খাদ্য, ওষুধ ও জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে সাধারণ মানুষের জীবনযাত্রায় তীব্র চাপ তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
দেশটির প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে একাধিক সংস্কার কর্মসূচি চালু করেছেন। তবে এখনো আর্জেন্টিনার অর্থনীতি পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি।
সূত্র: রয়টার্স








