Logo

চুক্তি মানা না হলে ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুন, ২০২৬, ১৯:১২
চুক্তি মানা না হলে ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
ছবি: সংগৃহীত

ইরান চুক্তির শর্ত মেনে না চললে দেশটির বিরুদ্ধে আবারও সামরিক অভিযান চালানো হতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সমঝোতা চুক্তি স্বাক্ষরের মাত্র দুই দিন আগে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

বুধবার (১৭ জুন) বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, সুইজারল্যান্ডে আগামী শুক্রবার যে নথিতে স্বাক্ষরের কথা রয়েছে, সেটি কোনো চূড়ান্ত চুক্তি নয়; বরং একটি সমঝোতা স্মারক।

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির উপস্থিতিতে ট্রাম্প বলেন, প্রস্তাবিত সমঝোতার ফলাফল তার প্রত্যাশা অনুযায়ী না হলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক পদক্ষেপ নিতে পারে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ইরান যদি প্রতিশ্রুতি অনুযায়ী আচরণ না করে, তাহলে দেশটির বিরুদ্ধে পুনরায় হামলা চালানো হবে। ট্রাম্পের ভাষায়, দীর্ঘ কয়েক দশক ধরে ইরান আন্তর্জাতিক অঙ্গনে সমস্যার সৃষ্টি করে আসছে।

১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর থেকে দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেই সময় থেকে ইরান বারবার বৈরী অবস্থান নিয়েছে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির কয়েকজন শীর্ষ কর্মকর্তার নিহত হওয়ার ঘটনার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত তীব্র আকার ধারণ করে।

বিজ্ঞাপন

আগামী শুক্রবার সুইজারল্যান্ডে সমঝোতা স্মারকে স্বাক্ষরের পর সংঘাত নিরসনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। চুক্তির বিভিন্ন দিক চূড়ান্ত করতে প্রায় ৬০ দিনব্যাপী আলোচনা চলবে বলে জানা গেছে।

সূত্র: এএফপি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD