Logo

রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ ড্রোন হামলা ইউক্রেনের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুন, ২০২৬, ১১:৫৯
রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ ড্রোন হামলা ইউক্রেনের
ছবি: সংগৃহীত

রাশিয়ার রাজধানী মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। চলতি সপ্তাহে একই স্থাপনায় এটি দ্বিতীয় হামলা। সম্প্রতি রাশিয়ার জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে দূরপাল্লার হামলার কৌশল আরও জোরদার করেছে কিয়েভ।

বিজ্ঞাপন

রুশ কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, মস্কোর দক্ষিণ-পূর্বাঞ্চলের কাপোতনিয়া এলাকায় অবস্থিত মস্কো তেল শোধনাগারে একাধিক ড্রোন আঘাত হানে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, রাজধানীর দিকে ধেয়ে আসা ৪০টির বেশি ড্রোন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে।

তিনি বলেন, মস্কোকে লক্ষ্য করে চালানো বড় ধরনের হামলা প্রতিহত করতে প্রতিরক্ষা বাহিনী এখনও কাজ করছে।

বিজ্ঞাপন

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, হামলার পর শোধনাগারের একটি অংশ থেকে ঘন কালো ধোঁয়া উড়তে থাকে। কিছুক্ষণ পর সেখানে আরও একটি বড় বিস্ফোরণ ঘটে এবং একটি বিশাল জ্বালানি ট্যাংকের ছাদ উড়ে যায়।

রুশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মস্কোর উপকণ্ঠের ঝুকোভস্কি এলাকায় একটি আবাসিক ভবনেও ড্রোন আঘাত হেনেছে। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ জানান, হামলায় ভবনটির কয়েকটি অংশ ও বারান্দা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, ড্রোনের ধ্বংসাবশেষ রাজধানীর আশপাশের কয়েকটি এলাকায় পড়ে। এতে একটি ফিটনেস সেন্টার, একটি শিল্পপ্রতিষ্ঠান, একটি শপিং সেন্টার এবং একটি ব্যক্তিগত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শপিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে।

বিজ্ঞাপন

অন্যদিকে, রাশিয়ার দক্ষিণাঞ্চলের রোস্তভ অঞ্চলেও পৃথক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। অঞ্চলটির গভর্নর ইউরি স্লাইউসার জানিয়েছেন, ওই হামলায় একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও দুজন।

এ ছাড়া একটি লোকোমোটিভ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুটি বাণিজ্যিক স্থাপনায় আগুন লেগেছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

সূত্র: রয়টার্স

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD