Logo

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি, বিশ্ববাজারে কমলো তেলের দাম

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুন, ২০২৬, ১৫:০৭
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি, বিশ্ববাজারে কমলো তেলের দাম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রাথমিক সমঝোতা চুক্তি স্বাক্ষরের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে এসেছে। এর আগে সামরিক উত্তেজনা ও হামলার হুমকির কারণে বাজারে অস্থিরতা তৈরি হলেও চুক্তির পর আবারও দাম নিম্নমুখী হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

বিজ্ঞাপন

এশিয়ার বাজারে সকালে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ১ দশমিক ৯ শতাংশ কমে যায়। এতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় আগের দিনের অবস্থানে ফিরে আসে।

স্থানীয় সময় ভোর সাড়ে ৪টা পর্যন্ত আগামী আগস্টে সরবরাহের জন্য ব্রেন্ট ফিউচারের দাম ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ০৭ ডলার ছিল। যদিও গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন হামলার আগের তুলনায় এখন দাম প্রায় ৭ শতাংশ বেশি রয়েছে।

বিজ্ঞাপন

এর আগে কয়েকদিন ধরে পতনের পর বুধবার হঠাৎ করেই ব্রেন্টের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৮১ ডলারের ওপরে উঠেছিল। তখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরান নিয়ে নতুন সামরিক হুমকি বাজারে চাপ তৈরি করে।

চুক্তির প্রভাব শুধু তেলের বাজারেই নয়, শেয়ারবাজারেও ইতিবাচক প্রভাব ফেলেছে। জাপানের নিকেই ২২৫ এবং দক্ষিণ কোরিয়ার কসপি সূচক নতুন উচ্চতায় পৌঁছেছে। দুই সূচক যথাক্রমে ২ শতাংশ ও ১ দশমিক ৭ শতাংশের বেশি বেড়েছে। তাইওয়ানের তায়েক্স সূচকও ১ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের ফিউচারেও ঊর্ধ্বগতি দেখা গেছে। এসঅ্যান্ডপি ৫০০ এবং প্রযুক্তি খাতনির্ভর নাসডাক কম্পোজিট যথাক্রমে প্রায় ০ দশমিক ৮ শতাংশ ও ১ দশমিক ৩ শতাংশ বেড়েছে।

বিজ্ঞাপন

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রস্তাবিত স্থায়ী শান্তি চুক্তির প্রথম ধাপ হিসেবে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে বলে মার্কিন ও ইরানি গণমাধ্যম সূত্রে জানা গেছে।

জি-৭ সম্মেলনে অংশ নিতে বর্তমানে ফ্রান্সে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে রাজধানী প্যারিসের ভার্সাই প্রাসাদে নৈশভোজের আগে তিনি এই চুক্তিতে স্বাক্ষর করেন।

বিজ্ঞাপন

পরে ইরানের রাজধানী তেহরানে নিজ দপ্তরে চুক্তিতে স্বাক্ষর করেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা সেই ছবি প্রকাশ করেছে।

সূত্র: আল জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD