আদিবাসী তরুণীকে ধর্ষণ ও মুখে অ্যাসিড হামলা, দুই বিএসএফকে কারাদণ্ড

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে ৯ বছর পুরোনো এক মামলায় ঐতিহাসিক রায় দিয়েছে একটি জেলা আদালত। আদিবাসী এক তরুণীকে ধর্ষণ ও তার মুখে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের দুই সদস্যকে ৪২ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
গতকাল বুধবার রায় ঘোষণা করেন বিচারক সিলভি জোমুয়ানপুই। দোষী সাব্যস্ত হওয়া দুই সদস্যের একজন বাঙালি এবং অন্যজন উত্তরপ্রদেশের বাসিন্দা।
মামলার নথি অনুযায়ী, ২০১৭ সালের ১৬ জুলাই মিজোরামের সুপুরি বনে ওই আদিবাসী তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। পরে তার মুখে অ্যাসিড নিক্ষেপ করা হয়। এতে তরুণীর একটি চোখের দৃষ্টিশক্তি স্থায়ীভাবে নষ্ট হয়ে যায় এবং মুখে গুরুতর ক্ষত সৃষ্টি হয়।
বিজ্ঞাপন
ঘটনার সময় তরুণীর সঙ্গে থাকা তার এক বান্ধবী পরবর্তীতে মারা যান। তবে ওই মৃত্যুর ঘটনায় আদালত দুই বিএসএফ সদস্যকে দোষী সাব্যস্ত করতে পারেনি।
আদালত ধর্ষণ ও অ্যাসিড হামলার ঘটনায় পৃথক ধারায় সাজা ঘোষণা করে। রায়ে গণধর্ষণের জন্য ২০ বছর, ধর্ষণের মাধ্যমে গুরুতর শারীরিক ক্ষতির জন্য ১০ বছর এবং অ্যাসিড হামলার জন্য ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সব সাজা একসঙ্গে ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়।
এছাড়া প্রতিটি অপরাধে ৬০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে অতিরিক্ত দুই মাস করে কারাদণ্ড ভোগ করতে হবে।
বিজ্ঞাপন
তদন্তে জানা যায়, ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর জেলাশাসকের সামনে নির্যাতিতা দুই অভিযুক্তকে শনাক্ত করেন। পরে দীর্ঘ শুনানিতে ১৮ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়, যাদের মধ্যে স্থানীয় বাসিন্দা ও চিকিৎসকও ছিলেন।
সূত্র: সংবাদ প্রতিদিন








